মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে ক্ষমায় সম্মত নিহতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে ক্ষমা করে দিতে সম্মত হয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইরের নিহত মোহিদুরের পরিবার। গত বৃহস্পতিবার সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মোহিদুরের পরিবার ও দণ্ড পাওয়া তিন আসামির পরিবারের মধ্যে সমঝোতা হয়।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে একটি ব্যাংক হিসাব নম্বরে ২১ লাখ টাকা জমা দেওয়া হলে মোহিদুরের পরিবার ক্ষমার কাগজপত্রে সই করবে। আসামিদের দণ্ড মওকুফ করা হলে এই টাকা নিহতের পরিবারকে দেওয়া হবে। সমঝোতার কথা স্বীকার করে নিহত মোহিদুরের ভাই হাবিবুর রহমান বলেন, ‘আমার ভাই তো আর ফিরে আসবেন না। তাঁর জন্য আরও তিনটা প্রাণ যাবে, এই বিবেচনায় সমঝোতায় রাজি হয়েছি।’সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় সেখানে নিহত মোহিদুর ও দণ্ডাদেশপ্রাপ্তদের পরিবারের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সিঙ্গাইরের ইউএনও নাসরিন সুলতানা ছাড়াও মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম সারোয়ার ও সিঙ্গাইরের উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।ইউএনও নাসরিন সুলতানা জানান, আগামী সোমবার মোহিদুরের পরিবার ক্ষমার কাগজপত্রে স্বাক্ষর করবে। তবে তার আগে মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেক আসামির জন্য সাত লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা কোনো তৃতীয় পক্ষের ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। এরপর স্বাক্ষরিত কাগজপত্র আইনজীবীর মাধ্যমে কুয়েতের আদালতে পাঠানো হবে। আদালত দণ্ড মওকুফ করলে মোহিদুরের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।২০১০ সালের অক্টোবর মাসে সিঙ্গাইরের পূর্ব বান্দাইল গ্রামের তাহের আলীর ছেলে মোহিদুর কুয়েতে খুন হন। ওই ঘটনায় মোহিদুরের দ্বিতীয় স্ত্রী কুয়েতপ্রবাসী আনোয়ারা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সে দেশের আদালতে মামলা করেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আদালত হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের রমজান মিয়া (২০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামের দুই সহোদর ইকবাল হোসেন (২৬) ও হূদয়কে (২৫) মৃত্যুদণ্ডাদেশ দেন। একই বছরের অক্টোবরে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের বিষয়ে বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। সেখানে বলা হয়, মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে নিহত মোহিদুরের নিকটাত্মীয়র কাছ থেকে ক্ষমাপত্র এবং দেশের পক্ষ থেকে কুয়েতের আমির বরাবর প্রাণভিক্ষার অনুরোধপত্র পাঠালে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।