মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মান্নানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের রাজাকার কমান্ডার পলাতক গাজী আবদুল মান্নান (৮৮) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঁচপুরে এক আত্মীয়ের বাসায় তিনি মারা যান।

গাজী আবদুল মান্নানের বড় ছেলে আজিজুল হকের বরাত দিয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, বার্ধক্যজনিত কারণে আবদুল মান্নান মারা গেছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৫ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আবদুল মান্নান পলাতক ছিলেন। এ মামলায় গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মান্নানসহ চারজনকে ফাঁসির আদেশ ও অপর একজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

গতকাল মান্নানের গ্রামের বাড়ি করিমগঞ্জের চর পাড়ায় জানাজার পর বেলা আড়াইটার দিকে লাশ দাফন করা হয়। স্থানীয়রা বলেন, মান্নানের পরিবারের পক্ষ থেকে প্রথমে করিমগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ও পরে করিমগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে জানাজা পড়ানোর উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ জানান এবং এ বিষয়ে ইউএনও ও ওসি বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের পাহারায় মান্নানের বাড়ির উঠানে জানাজা হয়। পরে তাঁকে বাড়ির আঙিনাতেই দাফন করা হয়।

আবদুল মান্নানের জানাজা পড়ানোর কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা করিমগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন।

সূত্র বলেছে, মানবতাবিরোধী ওই মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্যরা হলেন নাছির উদ্দিন আহমেদ, শামছুদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ এবং আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত হলেন আজাহারুল ইসলাম।