মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সুবহানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সুবহান
আবদুস সুবহান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহান। আজ বুধবার দুপুর ১২টার দিকে সুবহানের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন দাখিল করেন। 

গত ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। রায়ে বলা হয়, সুবহানের বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে এ সাজা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। সেই অনুসারে আজ আপিল বিভাগে আপিল করলেন সুবহান।

রায়ের সংক্ষিপ্তসার থেকে জানা যায়, সুবহানের বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ১,৪ ও ৬ নম্বর অভিযোগে সুবহানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁকে ২ ও ৭ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং ৩ নম্বর অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। প্রমাণ না হওয়ায় ৫,৮ ও ৯ নম্বর অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ এপ্রিল সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা পাবনার ঈশ্বরদী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোয়াজ্জেম হোসেন খান, মোতালেব আহমেদ খান, নাজমুল হক খানসহ ২০ জন নিরস্ত্র মানুষকে বের করে রেলওয়ের কয়লার ডিপোতে নিয়ে যায়। সেখানে তলোয়ার দিয়ে নৃশংসভাবে তাঁদের হত্যা করা হয়। এ অভিযোগে সুবহানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। চতুর্থ অভিযোগ ছিল, ২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঈশ্বরদীর সাহপুর গ্রামের অসংখ্য বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের পর ছয়জনকে হত্যা করে। ষষ্ঠ অভিযোগ অনুযায়ী, ১২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা সুজানগরের ১৫টি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা এবং ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ করে।

গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির সুবহান একাত্তরে দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান প্রথমে ওই কমিটির সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি হন। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।