একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে গতকাল মঙ্গলবার তাঁর পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দাখিল করেন। এর নম্বর ১২২/১৩।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া ওই রায়ের বিরুদ্ধে তারা আপিল করছে না।
ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের ২৩টি অভিযোগের মধ্যে নয়টি প্রমাণিত হয়। ওই রায় ঘোষণার ২৮ দিনের মাথায় গতকাল আসামিপক্ষ আপিল করল। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।
এই নিয়ে দুটি ট্রাইব্যুনালের দেওয়া মানবতাবিরোধী অপরাধের আটটি মামলার রায়ের মধ্যে ছয়টিতে আসামিরা আপিল করলেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ক্ষেত্রে করা রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায়। গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন।
এ ছাড়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের ক্ষেত্রে হওয়া আপিলের শুনানি শুরু হয়েছে। আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা। বর্তমানে সুপ্রিম কোর্টে অবকাশ চলছে। ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল করা হয়েছে। যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে। আইনিভাবে তা গ্রহণযোগ্য নয়।
যেসব অপরাধে সাকা চৌধুরীকে সাজা দেওয়া হয়েছে, সেসব অপরাধ সংঘটনের সময় তিনি দেশে ছিলেন না দাবি করে খন্দকার মাহবুব বলেন, একাত্তরের ২৯ মার্চ থেকে তিনি ওই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে তিনি লন্ডনে চলে যান। এমনকি অভিযোগের সপক্ষে ওই এলাকা থেকে পারিপার্শ্বিক কোনো সাক্ষীও আসেনি। আপিলে এসব যুক্তি তুলে ধরা হয়েছে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিলে যে বক্তব্যই দিয়ে থাকুন না কেন, এ মামলায় যে সাক্ষী-সাবুদ হয়েছিল, এর ভিত্তিতে রায় ও সাজা হয়েছে। এখন আপিল বিভাগ দেখবেন আপিলে যেসব যুক্তি দিয়েছেন, সেগুলো সত্যিকার অর্থে গ্রহণ হবে কি না? কাজেই এখন অপেক্ষা করতে হবে আপিল বিভাগে শুনানির জন্য। রাষ্ট্রপক্ষ আপিল করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপিল করার সিদ্ধান্ত নিইনি। ট্রাইব্যুনালের রায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। কাজেই সেই শাস্তিটা যাতে বহাল থাকে এবং ওই রায়ের সপক্ষেই আমরা আমাদের বক্তব্য পেশ করব।’
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে উভয় পক্ষ এবং মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ আপিল করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ আপিল করেননি। মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ রায়ে ৯ অক্টোবর বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে আসামিপক্ষ।