মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে মুজাহিদের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদের পক্ষে তাঁর আইনজীবী খালাস চেয়ে গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন।মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতা করার দায়ে গত ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার ২৫ দিনের মাথায় আসামিপক্ষ আপিল করল।মুজাহিদের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিলে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে খালাসের আরজি রয়েছে। ১১৫টি যুক্তি তুলে ধরা হয়েছে। ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে তিন হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয়েছে।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিলের বিষয়ে চিন্তাভাবনা চলছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে মামলার রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে গঠন করা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে খালাস দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ পর্যন্ত ছয়টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে এ নিয়ে পাঁচটি রায়ের বিরুদ্ধে আপিল হলো। জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেননি। চলতি বছরের ২১ জানুয়ারি তাঁর বিরুদ্ধে দেওয়া রায়টি ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ ৩ মার্চ এবং যাবজ্জীবন সাজার বিরুদ্ধে ও অব্যাহতি চেয়ে ৪ মার্চ আপিল করেন কাদের মোল্লা। এসব আপিলের ওপর শুনানি শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ।