মৃত্যুদণ্ডের বিধান রাখা নিয়ে ব্যাপক বিতর্কের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত কি উচিত না—এ নিয়ে ব্যাপকভিত্তিক বিতর্ক ও আলোচনার আহ্বান জানিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) ও বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন—অধিকার। এই বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে তারা। গতকাল রোববার বিকেলে গুলশানে অধিকারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আন্তর্জাতিক মৃত্যুদণ্ডাদেশ রহিতকরণ দিবস ও অধিকারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার কার্যক্রম, মৃত্যুদণ্ডাদেশ ও সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে এফআইডিএইচের উপমহাসচিব ফ্লোরেন্স বেলিভিয়ার বলেন, ‘সারা পৃথিবীর অভিজ্ঞতা বলে, রাজনৈতিক ও বড় বড় কিছু ঘটনা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর হয় গরিব মানুষের। কারণ, তারা ভালো আইনজীবী নিয়োগ করতে পারে না। আমরা বলছি না যে মৃত্যুদণ্ড বিলোপ করা উচিত। তবে সংবাদপত্র, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থাগুলোতে এ নিয়ে বিতর্ক হওয়া উচিত।’ ফ্লোরেন্স বলেন, মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ নয়। তবে আইনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড অগ্রাহ্য করা উচিত। কেবল গুরুতর অপরাধের ক্ষেত্রেই এটা কার্যকর হওয়া উচিত। তিনি জানান, পৃথিবীতে ১৯২টি দেশের মধ্যে কেবল ৫৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান আছে। ফ্লোরেন্স জানান, মৃত্যুদণ্ডের ব্যবস্থা বৈষম্যমূলক। দরিদ্র ও দুর্বল ব্যক্তিরা, যারা ভালো আইনজীবী ভাড়া করতে পারে না, তারাই এই ব্যবস্থায় ভুক্তভোগী হয়। এ ক্ষেত্রে তিনি সিলেটের সবুর মিয়া নামের এক ব্যক্তির উদাহরণ দেন। একটি মামলায় তাঁর চাচার মৃত্যুদণ্ড হয়। কিন্তু টাকার অভাবে তিনি আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেননি। আর সময়মতো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনাও করতে পারেননি। তিনি বলেন, সবুর মিয়া যখন তাঁর চাচাকে পেলেন, তখন তাঁর হাত ও পায়ের রগ কাটা ছিল। ফাঁসি দেওয়ার পর আসলেই তিনি মারা গেছেন কি না তা বোঝার জন্য এটা করা হয় না। অথচ সেখানে একজন চিকিৎসক থাকেন। গোটা বিষয়টা খুবই অমানবিক।মৃত্যুদণ্ডের ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। মৃত্যুদণ্ডের বিধান তুলে নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কি না—জানতে চাইলে ফ্লোরেন্স বলেন, মৃত্যুদণ্ড নিয়ে এই প্রশ্নটাকে ঘিরেই সবচেয়ে বেশি বিতর্ক হয়। কিন্তু অপরাধ করার সময় কেউ ভাবে না যে আইনি কাঠামোতে মৃত্যুদণ্ডের বিধান আছে, তাই এ কাজ করা যাবে না। মূলত মৃত্যুদণ্ড একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। একজন ব্যক্তি প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে পারে। কিন্তু একটা রাষ্ট্র তা করতে পারে না। কানাডায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়েছে অনেক আগে। সেখানে অপরাধের সংখ্যা খুব কম। তারই পার্শ্ববর্তী দেশ যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের বিধান আছে। কিন্তু সেটা পৃথিবীর অন্যতম প্রধান অপরাধপ্রবণ দেশ।আরেক প্রশ্নের জবাবে ফ্রান্সের এই মানবাধিকারকর্মী জানান, তাঁর দেশে ১৯৮১ সালে মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়েছে।এর আগে অধিকারের সভাপতি সি আর আবরার তাঁর সংগঠনের উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকে অধিকার নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিষয়ে কাজ করছে। সারা দেশে আমাদের ৩০০ মানবাধিকারকর্মী আছেন। পত্রপত্রিকায় মানবাধিকার লঙ্ঘনের কোনো খবর এলে তাঁরা সেগুলো যাচাই-বাছাইয়ের চেষ্টা করেন।’ অধিকার-এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।