মৃত্যুদণ্ডের বিধান রেখে বিমানের খসড়া অনুমোদন

বেসামরিক বিমান চলাচলে যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টির ঘটনা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান যুক্ত করে নতুন আইন করা হচ্ছে। সর্বোচ্চ এই শাস্তির বিধানসংবলিত ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে মৃত্যুদণ্ডের বিধান ছাড়া খসড়াটি গত বছরের ২৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় নীতিগত ও পরে চূড়ান্ত অনুমোদন হয়। কিন্তু আইন মন্ত্রণালয়ের আইনি মত (ভেটিং) শেষে এটি জাতীয় সংসদে ওঠানোর আগ মুহূর্তে সর্বোচ্চ শাস্তির বিষয়টি নতুনভাবে সংযোজন করা হলো।
নতুন আইনে বিমান হ্যাঙ্গারে থাকা অবস্থা থেকে শুরু করে অবতরণ পর্যন্ত যেকোনো পর্যায়ে ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে এমন কোনো কাজের জন্য কারও জীবন ঝুঁকির মুখে পড়লে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড।
নতুন আইনে বিমান চলাচলে বিঘ্ন ঘটানো ছাড়াও বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কোনো পাইলট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিপজ্জনকভাবে বিমান চালালে এবং তা প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
বাংলাদেশের আকাশসীমায় অবৈধভাবে ঢুকে পড়লে এখন শাস্তির বিধান নেই। আইনে বলা হয়েছে, সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি অবৈধভাবে বিমান নিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে শাস্তি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড অথবা অনধিক ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। এ ছাড়া বিমানের নেভিগেশনের সঠিক আলোক বা সংকেতের কার্যক্রমে হস্তক্ষেপ করলে যাবজ্জীবন কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: