ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশে ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে গতকাল বুধবার এক বিবৃতিতে বলা হয়, সব সময়ই তারা যেকোনো অপরাধের ক্ষেত্রে ও যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার বিরোধিতা করেছে এবং তারা বিশ্বব্যাপী এর বিলোপের পক্ষে।
ইইউ ডেলিগেশনের বিবৃতিতে বলা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়ায় তারা নজর রাখছে। বিচারিক প্রক্রিয়ার শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সম্ভাব্য মৃত্যুদণ্ডের শাস্তির বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা ইইউ ডেলিগেশন বারবার জানিয়েছে।
মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে বর্তমানে এটি এমন অবস্থানে পৌঁছেছে যে মৃত্যুদণ্ডের শাস্তি বন্ধে তাদের প্রচেষ্টা গুরুতর হুমকিতে। নিজামীর আপিলের অধিকার থাকা সত্ত্বেও ইইউ ডেলিগেশন মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন বাংলাদেশের কর্তৃপক্ষকে শাস্তি কমিয়ে মৃত্যুদণ্ড মুলতবির আহ্বান জানিয়েছে, যা হবে এ শাস্তি বন্ধ করে দেওয়ার প্রথম পদক্ষেপ। বিজ্ঞপ্তি।