মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুবহানের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহান। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর আইনজীবীরা এ আপিল আবেদন জমা দেন।
সুবহানের আইনজীবীরা জানান, ৮৯ পৃষ্ঠার মূল আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখিয়ে তাঁরা সুবহানের মৃত্যুদণ্ডাদেশ বাতিল ও সব অভিযোগ থেকে খালাস চেয়েছেন।
গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে ট্রাইব্যুনাল বলেন, সুবহানের বিরুদ্ধে গঠন করা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে শতাধিক নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যার প্রথম, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় ও সপ্তম অভিযোগে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের দায়ে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর তৃতীয় অভিযোগে নির্যাতনের দায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের ছয়টি আপিল মামলা বিচারাধীন। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল মামলাটির শুনানি চলছে। শুনানির অপেক্ষায় আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের আপিল।