মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে নিজামীর আবেদন

একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
গতকাল মঙ্গলবার নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। নিজামীর ছেলে আইনজীবী নাজিব মোমেন সাংবাদিকদের বলেন, ৭০ পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদনে ৪৬টি যুক্তি তুলে ধরে সাজা থেকে নিজামীর খালাস চাওয়া হয়েছে।
পরে নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ অনেক ক্ষেত্রে সঠিকভাবে সাক্ষ্য পর্যালোচনা করেননি। সবকিছু বিবেচনা করা হলে নিজামী খালাস পাবেন বলে তিনি আশা করছেন। তিনি মনে করেন, যেহেতু অপরাধের সঙ্গে নিজামীর সরাসরি অংশগ্রহণ নেই, তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী হবে।
অবশ্য রাষ্ট্রপক্ষ আশা করছে, নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে। এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, পুনর্বিবেচনার আবেদন যেন দ্রুত শুনানি হয়, এ জন্য রাষ্ট্রপক্ষ পদক্ষেপ নেবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন রাতেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে আটক নিজামীকে রায় জানানো হয়। গতকাল আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করার ফলে দণ্ডের কার্যকারিতা স্থগিত থাকবে। আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে সবশেষ সুযোগ হিসেবে নিজামী রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে কিংবা আবেদন করার পর তা নাকচ হয়ে গেলে ফাঁসি কার্যকর করা হবে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শুরু করেন। ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল এ মামলার রায়ে নিজামীকে ফাঁসির আদেশ দেন।