মৃত্যুদণ্ডের রায়ে ১৪ দলের সন্তুষ্টি, আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে কেন্দ্রীয় ১৪ দল। গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় এই সন্তুষ্টি জানানো হয়।সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে এই সন্তুষ্টির কথা জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে ২৪ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে ১৪ দল মানববন্ধন কর্মসূচি পালন করবে। বিচার-প্রক্রিয়ায় সমর্থনের জন্য ১৪ দল দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।রায় ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল হয়। বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন স্থানে মিষ্টিও বিতরণ করা হয়।মানববন্ধনে ঢাকা মহানগরের রুট: ২৪ জানুয়ারি বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ১৪ দলের মানববন্ধনে ঢাকা মহানগরের রুট হচ্ছে: গাবতলী থেকে শ্যামলী, আসাদগেট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, পান্থপথ, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, হাইকোর্ট, পুরানা পল্টন মোড়, শহীদ নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত।সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার খুলনায় রাজনৈতিক কর্মসূচি থাকায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মাঈনউদ্দিন খান বাদল ও শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।সভা সূত্র জানায়, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ভবিষ্যতে বিদ্যুত্ ও গ্যাসের মূল্যবৃদ্ধি না করার আহ্বান জানান নুরুর রহমান সেলিম। এ ছাড়া সম্প্রতি চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থাকায় মাঈনউদ্দিন খান বাদল সমালোচনা করেন।রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল: দুপুর ১২টার মধ্যে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ. স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী সমর্থক জোট, ওলামা লীগ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এ ছাড়া নিউমার্কেট, মিরপুর, সায়েদাবাদ, জাতীয় প্রেসক্লাবের সামনে, শাহবাগ, ধানমন্ডি, জিগাতলা, শ্যামলীসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয় এবং এসব মিছিলে মিষ্টি বিতরণ করা হয়।