মৃত্যুদণ্ডের সাজা কমলে আমৃত্যু কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাদের মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হবে, তাদের ক্ষেত্রে সাজা আমৃত্যু কারাবাস হিসেবে গণ্য হবে বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার সাভারে এক ব্যবসায়ী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির করা আপিল খারিজ করে দেওয়া রায়ে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে অভিমত দেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় গত সোমবার প্রকাশিত হয়।

এ নিয়ে প্রশ্ন করা হলে গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই রায়ের পরিপ্রেক্ষিতে এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে, উচ্চ আদালত যদি করেন তার ইফেক্ট হবে আমৃত্যু কারাগারে থাকতে হবে। তিনি বলেন, ‘আপিল বিভাগের রায় প্রযোজ্য হবে। যার জীবন চলে যেত ফাঁসিতে, তাকে যদি যাবজ্জীবন করা হয়, তারপর তিনি বেরিয়ে চলে যাবেন, এটি হয় না। আইন ব্যাখ্যা করেই এটা করা হয়েছে। তবে ইন্ডিকেশনটা (নির্দেশনা) কী, সেটা পুরো রায় না পড়ে বলা যাবে না। তিনি আরও বলেন, অন্য যেগুলো যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় নিম্ন আদালতে, সেগুলোর ক্ষেত্রে যা এখন আইনে আছে, তা-ই চলবে।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, দণ্ডবিধির ৩০২ ধারায় কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া একটি ব্যতিক্রম। কমানোর মতো বিশেষ পরিস্থিতি থাকলে আদালত মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই কারণ উল্লেখ থাকতে হবে। দণ্ডবিধির ৫৩ ধারার সঙ্গে ৪৫ ধারা মিলিয়ে পড়লে যাবজ্জীবন অর্থ দণ্ডিতের বাকি জীবন কারাবাস। আপিল বিভাগ অথবা হাইকোর্ট বিভাগ যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন এবং নির্দেশ দেন কয়েদিকে বাকি জীবন (ন্যাচারাল লাইফ) ভোগ করতে হবে, এমন মামলায় রেয়াত (কারাভোগে রেয়াত) সুবিধার আবেদনের বাইরে থাকবে।