মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুপরোয়ানা গতকাল বুধবার তাঁকে পড়ে শোনানো হয়েছে। গতকাল সকালে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এ পরোয়ানা। এদিন নিজামীর সঙ্গে তাঁর ছেলে ও আইনজীবীরা দেখা করেছেন। এ সময় আইনজীবীদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে বলেন নিজামী।
কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে সকাল নয়টায় সেখানে পরোয়ানা পৌঁছানো হয়। পরে মৃত্যুদণ্ড পাওয়া একাত্তরের আলবদর নেতা নিজামীকে তা পড়ে শোনানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর আইনজীবী মতিউর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় এ বিষয়ে রিভিউ আবেদন করা হবে কি না, সে ব্যাপারে নিজামীর মতামত নিতে সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় জামায়াত নেতা মন্তব্য করেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে’ রায় হয়েছে। এর বিরুদ্ধে অবশ্যই রিভিউ আবেদন করতে হবে। আইনজীবী মতিউর রহমান আরও জানান, নিজামী মানসিকভাবে শক্ত ও ভালো আছেন।
দুপুরে আইনজীবীরা ছাড়াও কাশিমপুর কারাগারে যান নিজামীর ছেলে আইনজীবী নাজিব মোমেন। সাক্ষাৎ শেষে বিকেলে কারাগার থেকে বেরিয়ে যান তাঁরা।
মঙ্গলবার বিকেলে নিজামীর ফাঁসি বহালের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত হয়। সন্ধ্যায় তা পৌঁছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে। এরপর নিজামীর মৃত্যুপরোয়ানায় সই করেন ট্রাইব্যুনালের তিন বিচারক।
গতকাল রাতে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, তিন আইনজীবী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজামী আইনজীবীদের নির্দিষ্ট সময়ের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করার নির্দেশ দেন।