মৃত্যুফাঁদ কালশী সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বৃহস্পতিবার সকালে অবরোধের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন কালশী সড়কে গতিরোধক নির্মাণের কাজ শুরু করে l ছবি: আবদুস সালাম
গত বৃহস্পতিবার সকালে অবরোধের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন কালশী সড়কে গতিরোধক নির্মাণের কাজ শুরু করে l ছবি: আবদুস সালাম

প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কে নেই কোনো জেব্রা ক্রসিং, পদচারী-সেতু। আছে একাধিক বিপজ্জনক বাঁক আর বেপরোয়া যান চলাচল। ফলে রাজধানীর কালশী নতুন সড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গত দুই বছরে এই সড়কে ১৭ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ গত বুধবার কালশী সড়কে প্রাইভেট কারের ধাক্কায় মারা যান শারমীন আক্তার সিদ্দিকী (১৮) নামের এক শিক্ষার্থী। এলাকাবাসীর দাবি, দুই বছরে কালশী সড়কে দুর্ঘটনায় মারা গেছেন ২০ জন। এদের মধ্যে বাসচাপায় নিহতের সংখ্যা বেশি। বাস মালিকেরা প্রভাবশালী হওয়ায় পুলিশও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বলে এলাকাবাসী অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বেলা এই সড়কে বাস ও প্রাইভেট কার বেশি চলে। রাতের বেলা ট্রাক-লরিসহ ভারী যান চলাচল বাড়তে থাকে। প্রশস্ত সড়ক ও দোকানপাট কম থাকায় দ্রুতগতিতে যান চলাচল করে। বাস-ট্রাক ও প্রাইভেট কারের চালকেরা গতি বৃদ্ধির প্রতিযোগিতায় নেমে পড়েন।
পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান উড়ালসেতু থেকে কালশী নতুন বাজার মোড় পর্যন্ত রয়েছে একাধিক বাঁক। বাঁক থাকার পরও যানবাহনের চালকেরা গতি না কমিয়ে উল্টো গতি বাড়িয়ে দেন। ফলে পথচারীরা বেশি দুর্ঘটনার কবলে পড়ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে জিল্লুর রহমান উড়ালসেতু উদ্বোধনের পর কালশী সড়কে যান চলাচল বেড়ে গেছে। গত দুই বছরে মিরপুর থেকে আবদুল্লাহপুর, গুলশান পথে একাধিক বাস সার্ভিস চালু হয়। কালশীর নতুন রাস্তা হয়ে এসব বাস চলে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রাইভেট কার, ট্রাক চলাচল।

কালশী নতুন বাজার মোড় চারটি সড়কের সংযোগস্থল। ফলে বিভিন্ন দিক থেকে দ্রুত গতিতে আসা যানবাহন এ জায়গা অতিক্রম করে। কিন্তু পথনির্দেশিকা ও নিয়ম না মেনে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বাসচালক মো. লিটন বলেন, ‘স্পিডব্রেকার নাই। জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজও নাই। রাস্তা পার হতে গিয়া হঠাৎ করে লোকজন সামনে চইল্যা আসে, তখন গতি কমানো কঠিন হইয়্যা যায়।’

গত বুধবার প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারানো শারমীন আক্তার সিদ্দিকী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট শাম মিয়ার বড় মেয়ে। শারমীন নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন। ঘাতক চালক ও গাড়ি কোনোটিই আটক করতে পারেনি পুলিশ।

এদিকে ঘাতক চালককে আটক এবং দুর্ঘটনাস্থলে গতিরোধক স্থাপনের দাবিতে এলাকাবাসী গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই দফা সড়ক অবরোধ করেন। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন কালশী সড়কে অস্থায়ীভাবে একটি গতিরোধক স্থাপন করা শুরু করলে অবরোধ তুলে নেওয়া হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকেবলেন, দুই বছরে ১৭ জন এই সড়কে দুর্ঘটনায় মারা গেছেন। এর মধ্যে তিনি এই থানায় তাঁর এক বছরের দায়িত্ব পালনকালে পাঁচজন চালককে আটক করেছেন।

শারমীন আক্তারসহ কালশী সড়কে প্রাণহানির কোনো তথ্য জানা নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লার। তিনি প্রথম আলোকেবলেন, ‘দুর্ঘটনার খবর আপনার (এই প্রতিবেদক) কাছ থেকে প্রথম শুনলাম। কালশী সড়কে দুর্ঘটনা রোধে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’