মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউল ইসলাম
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মতিউল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ জানুয়ারি। মতিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রচার সম্পাদক ছিলেন। ভিয়েতনামের জনগণের সংগ্রামে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ছাত্র ইউনিয়ন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ‘ভিয়েতনাম সংহতি দিবস’ পালনের ডাক দেয়। ওই কর্মসূচির মিছিলে পুলিশ গুলি করলে মতিউল ইসলামসহ দুজন মারা যান। ওই ঘটনার পর থেকে দেশের বিভিন্ন প্রগতিশীল সংগঠন দিনটিকে ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ছাত্র ইউনিয়নের রাজবাড়ী শাখা মতিউলের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। রাজবাড়ী প্রতিনিধি।

জান্টু রায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদকারী জান্টু রায়ের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১ জানুয়ারি, শুক্রবার। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনার পর জান্টু রায় নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় ক্রান্তি সংঘ নামের একটি প্রগতিশীল সংগঠন গড়ে তোলেন। ওই সংগঠনের মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ জানান। ১৯৭৭ সালের ১ জানুয়ারি তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নেত্রকোনার শহীদ জান্টু স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি।

লোবানুর নাহার
গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা লোবানুর নাহারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ জানুয়ারি, শুক্রবার। এ উপলক্ষে থানাপাড়ার বাসায় পবিত্র কোরআনখানি এবং বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি এনটিভির গোপালগঞ্জের নিজস্ব প্রতিবেদক মাহবুব হোসেন সারমাতের মা। ফরিদপুর অফিস