মৃত্যুবার্ষিকীতে আলফ্রেড সরেন হত্যার বিচার দাবি
আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে গতকাল মঙ্গলবার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি আদিবাসী ও রাজনৈতিক সংগঠন।
২০০০ সালের ১৮ আগস্ট বলিহার ইউনিয়নের ভীমপুরে জমি নিয়ে বিরোধের জেরে আলফ্রেড সরেনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বলিহার ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাতেম আলী ও তাঁর সহযোগী শিতেষ ভট্টাচার্যের লোকজন তাঁকে হত্যা করেন। পরদিন আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে দুটি মামলা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দণ্ডবিধির ৩০২ ধারা ও জননিরাপত্তা আইনে মামলা দুটি হয়। চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর জননিরাপত্তা আইন বাতিল করলে আসামিরা হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন। হাইকোর্ট জননিরাপত্তা আইনে করা মামলাটি খারিজ করে দেন। ওই খারিজের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল বিভাগে সিভিল পিটিশন দাখিল করে। খারিজের আবেদন বাতিল করে আপিল বিভাগ মামলাটি ২০১০ সালে আবার হাইকোর্ট বিভাগে পাঠান। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
রেবেকা সরেন বলেন, রাষ্ট্রের অবহেলার কারণে ১৫ বছরেও তাঁর ভাই হত্যার বিচার হয়নি। যাঁরা দিনদুপুরে আলফ্রেডকে হত্যা করেছে তাঁরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। যে জমির জন্য আলফ্রেডকে প্রাণ দিতে হয়েছে, সেই জমি এখনো ঘাতকেরাই ভোগদখল করে খাচ্ছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা, সিপিবি জেলা কমিটির সভাপতি প্রদ্যুৎ ফৌজদার প্রমুখ।
এর আগে বেলা একটায় আলফ্রেড সরেনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ সময় আলফ্রেড সরেনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।