মৃত্যুভয়ে পালিয়ে বেড়াচ্ছেন যক্ষ্মা রোগী
কুমিল্লার দেবীদ্বারে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট টিবি) যক্ষ্মায় আক্রান্ত এক রোগী চিকিৎসা না নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত মঙ্গলবার যক্ষ্মা নিয়ন্ত্রণবিষয়ক উপজেলা ডট্স কমিটির সভায় উপস্থাপিত ত্রৈমাসিক প্রতিবেদনে দেবীদ্বার ব্র্যাকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ এই তথ্য দেন। অন্যদিকে রোগীর প্রতিবেশী এই প্রতিবেদককে জানিয়েছেন, মৃত্যুভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি সঠিক মাত্রায় নিয়মিত ওষুধের মেয়াদ (কোর্স) শেষ না করলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিই এমডিআর যক্ষ্মার রোগী। এসব রোগীকে টানা ২৪ মাস ওষুধ সেবন করতে হয়। সাধারণ যক্ষ্মার রোগীকে ওষুধ সেবন করতে হয় ছয় থেকে নয় মাস।ব্র্যাকের প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেবীদ্বারে তিনজন এমডিআর যক্ষায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। নিয়মিত ওষুধ সেবন করে তাঁদের একজন সুস্থ হয়ে উঠেছেন। আর একজন নিয়মিত ওষুধ সেবন করছেন। কিন্তু একজন পালিয়ে বেড়াচ্ছেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, পালিয়ে বেড়ানো রোগীকে উদ্ধার করে চিকিৎসাসেবার আওতায় আনার চেষ্টা চালানো হবে।