মৃত্যুর আগে স্বীকৃতি চান বীরাঙ্গনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা গ্রামে হামলা চালায়। মনোয়ারা বেগমের (৬৫) কোলে তখন দেড় বছরের শিশু। সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে পালানোর সময় সেনাদের হাতে ধরা পড়েন। তাঁকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে আনে সেনারা। এ সময় বাধা দিতে গেলে শ্বশুরসহ বাড়ির চারজনকে গুলি করে তাঁর সামনেই হত্যা করা হয়। পরে তাঁকে জোর করে তুলে নেওয়া হয় সার্কিট হাউসে। সারা রাত ধরে পাকিস্তানি হানাদার বাহিনী পৈশাচিক নির্যাতনের পর ছেড়ে দেয় তাঁকে।
১৯৭১ সালের ২ মে মনোয়ারার মতো একইভাবে নির্যাতনের শিকার হন পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের প্রায় ১৭ জন নারী। একাত্তরের নির্মম নির্যাতনের শিকার ওই নারীদের পাঁচজন আজও বেঁচে আছেন। তবে স্বাধীনতার এই ৪৩ বছরেও রাষ্ট্রীয় কোনো সম্মান মেলেনি তাঁদের। সন্তানেরাও কোনো দিন গর্ব করে মায়ের ত্যাগের কথা বলতে পারেননি। বীরাঙ্গনা নয়, মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি চান তাঁরা।
গ্রামের জয়ফুল বিবি (৭০) ওই পাঁচ নারীর একজন। তিনি জানান, একাত্তরের ওই দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁর দুই ভগ্নিপতি। হঠাৎ ডাক-চিৎকার শুরু হলে ঘর থেকে বেরোনোর আগেই পাকিস্তানি হানাদারেরা তাঁদের বাড়ি ঘিরে ফেলে। লুটপাট চালিয়ে ঘর থেকে তাঁকে টেনে বের করে। নির্বিচারে গুলি চালালে ওই দুই ভগ্নিপতি মারা যান। বাড়িঘরও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
তিনি বলেন, ‘সব হারাইছি। তবু স্বামীর ভালোবাসায় বাঁইচ্যা আছিলাম। দুই বছর আগে স্বামীও মারা গেছে। এহন দুইডা পোলা আছে। কৃষিকাজ কইরা কোনোরহমে সংসার চালায়। কোনোরহমে বাঁইচ্যা আছি।’ ফুলবানুও (৭১) স্বামীর ভিটা আঁকড়ে কোনোরকমে বেঁচে আছেন। নিঃসন্তান এই নারী ক্ষোভ নিয়ে বলেন, ‘দেশ স্বাধীন হইছে সেই কবে! এর মধ্যে কেউ আমাগো খোঁজ নেয় নাই। কত কষ্ট কইরা বাঁইচ্যা আছি। গত বছর শহরে ডাইক্যা নিয়ে পাঁচ হাজার টাকা দিছে। কিন্তু আমাগো ত্যাগের স্বীকৃতি পাই নাই।’
মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিটের ডেপুটি কমান্ডার নির্মল কুমার রক্ষিত বলেন, ‘গত বছর এই নারীদের সম্মাননা জানানো হয়েছিল। সরকার ইতিমধ্যেই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা মুক্তিযোদ্ধারাও এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন চাই। তাহলেই নির্যাতিত নারীরা তাঁদের ত্যাগের স্বীকৃতি পাবেন।’