মৃত্যুর আগে হুমকি পেয়েছিলেন রাউধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউধা আথিফ
রাউধা আথিফ

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফ মৃত্যুর আগে হুমকি পেয়েছিলেন। তাঁর বাবা মোহাম্মদ আথিফ এই দাবি করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আথিফ বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্তভার পাওয়ার পর আমি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। রাউধার টুইটার অ্যাকাউন্টে বার্তা আদান-প্রদানের একটি স্ক্রিনশট তদন্ত কর্মকর্তা পেয়েছেন। তবে মূল বার্তায় থাকা সময় সেই স্ক্রিনশটে থাকা সময় থেকে আলাদা। অর্থাৎ, স্ক্রিনশটে সময় সম্পাদনা করা হয়েছে। তদন্ত অন্যদিকে প্রবাহিত করতে কেউ সময় সম্পাদনা করে স্ক্রিনশটটি প্রচার করছেন বলে সিআইডির ধারণা।

এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে রাউধার বাবার আইনজীবী কামরুল মনির বলেন, ‘ওই টুইট বার্তায় রাউধাকে বলা হয়েছিল, তুমি জান্নাতের ফুল হয়ে যাবে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হত্যার ঘটনার কয়েক দিন আগে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় রাউধার সঙ্গে এক যুবকের ঝগড়া হয়েছিল। সেই যুবক কে ছিলেন তা জানা যাবে রেস্তোরাঁয় সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করলে। সেই যুবককে আটক করা গেলে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মোহাম্মদ আথিফ আরও বলেন, ‘প্রথম থেকেই মালদ্বীপের পুলিশের কর্মকাণ্ড আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। তারা তদন্ত শেষে মালদ্বীপে ফিরে সংবাদ সম্মেলন করেছিল। সেখানে তারা রাউধার মৃত্যু নিয়ে অনেক ভুল তথ্য উপস্থাপন করেছিল। এরপর তারা রাউধার মাকে তুলে নিয়ে যায় এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে না নিতে হুঁশিয়ার করে দেয়। রাউধার মাকে তারা আরও বলেছিল, আমি যাতে মালদ্বীপে ফিরে যাই। তা না হলে তারা আমার পরিবারকে হয়রানি করবে।’

২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে নগরীর শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ অপমৃত্যুর মামলা করে। পরে রাউধার বাবা আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে কবর থেকে রাউধার লাশ তুলে আবার ময়নাতদন্ত করা হয়। বর্তমানে সিআইডি মামলাটির তদন্ত করছে।

তদন্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ‘আমরা তাঁর (রাউধার) বাবার বলা সব বিষয় নিয়েই তদন্ত করছি। তদন্ত শেষ না হলে কিছু বলা যাচ্ছে না।’