মৃত্যুর আগেই কবর!
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৮ নম্বর তিলপারা ইউনিয়নের তিলপারা গ্রাম। এই গ্রামে একটি পুরোনো পাকা বাড়ি অনেক দিন ধরেই খালি পড়ে আছে। বাড়ির সামনে একটি পাকা কবর অনেকটা মাজারের মতো। কবরের গায়ে মার্বেল পাথরে লেখা ‘ইয়া আল্লা ইয়া রাহমানু ইয়া রাহিমু। শাহ দেওয়ানবাগী হুজুরের আদেশে কবরস্থান—মুক্তিযোদ্ধা আশেক রাসুল আবদুল মালেক’।কিন্তু কবরটিতে কোনো লাশ নেই। যাঁর নামে কবর সেই আবদুল মালেক এখনো জীবিত। তিনি পৌর শহরের একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।এ ব্যাপারে আবদুল মালেক বলেন, তিনি শাহ দেওয়ানবাগী হুজুরের অনুমতি নিয়ে মৃত্যুর আগেই নিজের কবর তৈরি করেছেন। মৃত্যুর আগে কবর তৈরির কারণ জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর পর সবাইকে টিলা ও বনজঙ্গলে কবর দেওয়া হয়। কিন্তু তিনি এসব জায়গায় থাকতে চান না। তাই নিজের বাড়িতে কবর তৈরি করে রেখেছেন।মৃত্যুর আগে কবর তৈরি করা ধর্মের দৃষ্টিতে ঠিক কি না—জানতে চাইলে মালেক বলেন, তিনি তিন কিতাব পড়নেওয়ালা মাওলানাদের কথা শোনেন না। তিনি শাহ দেওয়ানবাগী হুজুরের মুরিদ, তাঁর ইজাজত নিয়েই তিনি কবর তৈরি করেছেন। তিনি বলেন, মৃত্যুর পর এই কবরে তাঁকে কীভাবে নামানো হবে, তা তিনি আপনজনদের শিখিয়ে দিয়েছেন। আবদুল মালেক দাবি করেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। একাত্তর সালে এক বন্ধুর সঙ্গে তিনি রংপুর যান। সেখান থেকে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর যোগ দেন সেনাবাহিনীতে। পাঁচ বছর পর সেনাবাহিনীর চাকরি ছেড়ে চলে যান সংযুক্ত আরব আমিরাত। এরপর দেশে এসে মুরিদ হন শাহ দেওয়ানবাগী হুজুরের কাছে। এখন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন । আবদুল মালেক সম্পর্কে স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, তিনি মুক্তিযুদ্ধ করেননি। মুক্তিযুদ্ধের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু চার-পাঁচ বছর পর পালিয়ে এসে দুবাই চলে যান। তবে দুই বছর ধরে হঠাৎ নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছেন।