মৃত্যুর আগেই দেখে যেতে চান স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ার ১০ মাসেও শহীদের সরকারি স্বীকৃতি মেলেনি আবদুর রাজ্জাকের। ১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে আবদুর রাজ্জাক শহীদ হন। রাজ্জাকের স্ত্রী জয়নব বিবি, একমাত্র মেয়ে ও চার নাতি-নাতনি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের বাসিন্দা। জয়নব বিবি (৮৫) এখন মৃত্যুশয্যায়। গত বছরের ২২ সেপ্টেম্বর প্রথম অলোয় ‘স্বীকৃতির অপেক্ষায় ৪১ বছর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম জেলা প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠান। জয়নব বিবির নাতি মো. হুমায়ুন কবির জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রয়োজনীয় তথ্য পাঠান। জয়নব বিবি প্রথম আলোকে বলেন, ‘৪৩ বছর অপেক্ষার পর প্রথম আলোর মাধ্যমে প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু গত ১০ মাসেও তার কোনা খবর নেই। আমি খুব অসুস্থ, যে কোনো সময় মরে যেতে পারি। মরার আগে আমার স্বামীর সরকারি স্বীকৃতি দেখে যেতে চাই।’