মৃত্যুর আগেও রূপালীর মেয়েকে হাসপাতালে যেতে দেননি গৃহকর্তা!
সাভারে রানা প্লাজা ধসে সর্বশেষ নিহত পোশাককর্মী রূপালী বেগমের মেয়ে মিলি খাতুনকে (১৬) শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ মিলিকে বর্তমানে নিজ বাড়িতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। রূপালীর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর আকন্দপাড়া গ্রামে। মিলি জানায়, সে ঢাকার মোহামঞ্চদপুরের ইনস্যুরেন্স কর্মকর্তা আসাদুজ্জামানের বাড়িতে তিন বছর যাবৎ কাজের মেয়ে হিসেবে ছিল। তার অভিযোগ, কাজে একটু ত্রুটি হলেই আসাদুজ্জামানের স্ত্রী শাহনাজ বেগম তাকে বেধড়ক মারধর করতেন। চলে আসতে চাইলে তাকে হত্যার হুমকি দেওয়া হতো। মিলি বলে, ‘আমার মা সাভারে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিল। মাকে দেখতে যেতে চাইলেও আমাকে ভয়ভীতি দেখাতেন; বাসা থেকে বের হতে দেওয়া হতো না। মিলি হাতে-পায়ে নির্যাতনের চিহ্ন দেখিয়ে বলে, ‘আসাদুজ্জামানের স্ত্রী বঁটি, লাঠি, রড দিয়ে আমাকে মারত। চুল ধরে টানাহেঁচড়া করত।’ মিলির মামা দুদু মিয়া (৪০) অভিযোগ করেন, ‘রূপালী হাসপাতালে মারা যাওয়ার আগে মিলিকে দেখার জন্য বারবার আকুতি জানিয়েছেন। আমি মিলিকে নিয়ে আসার জন্য আসাদুজ্জামানকে ফোনে বহুবার অনুরোধ জানিয়েছিলাম। মিলিকে তিনি আসতে না দেওয়ায় আমরা রূপালীর সেই ইচ্ছে পূরণ করতে পারিনি। আর আমরা কেউ আসাদুজ্জামানের বাসার ঠিকানা জানতাম না। মিলিকে নির্যাতন করায় আমরা আইনের আশ্রয় নেব।’ হাসপাতালে রূপালীর শয্যাপাশে ছিলেন উদ্ধারকর্মী হিমালয়। হিমালয় অভিযোগ করেন, ‘আমাদের কাছ থেকে রূপালীর মৃত্যুর খবর পেয়ে আসাদুজ্জামান ১৫ জুন বিকেলে মিলিকে হাসপাতালে নিয়ে এসে জানতে পারেন রূপালী বেঁচে আছেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের হুমকি দিয়ে মিলিকে নিয়ে চলে যেতে চান। কিন্তু মিলি যেতে না চাওয়ায় এবং উপস্থিত লোকজনের বাধার কারণে তিনি মিলিকে রেখে দ্রুত সটকে পড়েন।’ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান বলেন, ‘সব সাজানো, ডাহা মিথ্যা কথা।’ তাঁর স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন। রানা প্লাজা ধসে আহত রূপালী বেগম ৫২ দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান।