মৃত্যুর কাছ থেকে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের রাত। শরীয়তপুরের নড়িয়া থেকে ছেড়ে আসা এমভি রেডসান-২ ঢাকার দিকে এগিয়ে চলছে। রাত প্রায় একটা। অধিকাংশ যাত্রীই তখন ঘুমিয়ে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লঞ্চ। ঘুমজড়িত চোখে যাত্রীরা দেখলেন, বালু পরিবহনের একটি কার্গো সরাসরি ঢুকে গেছে লঞ্চটির পেছনে। ডুবে যাওয়ার ভয়ে শুরু হলো নারী-শিশুসহ যাত্রীদের কান্না আর আর্তচিৎকার।

বৃহস্পতিবার দিবাগত রাতে এমন আতঙ্কের পরিবেশ তৈরি হয় মেঘনা নদীতে। লঞ্চটি তখন মুন্সিগঞ্জের গজারিয়ার অদূরে মাঝনদীতে। তবে চালক দ্রুতগতিতে বাঁকিয়ে লঞ্চটি সরিয়ে আনেন। মেসার্স ঝমঝম নেভিগেশন নামের বাল্কহেডটি তখন দ্রুতগতিতে পালানোর চেষ্টা করল। কয়েকজন যাত্রী লঞ্চ থেকে দ্রুত লাফিয়ে নেমে গেলেন সেই বাল্কহেডটিতে। এরপর সেটির সঙ্গে রশি বাঁধা হলো লঞ্চটির।
পুরো ঘটনা ঘটে গেল পাঁচ মিনিটের মধ্যে। তবে যাত্রীদের আতঙ্ক থাকল সারা রাত। খোঁজ নিয়ে দেখা গেল, দ্বিতীয় তলার ডেকে থাকা এক পরিবারের দুই শিশুসহ চারজন আহত হয়েছে। লঞ্চের একপাশের ডেক তখন বিধ্বস্ত। প্রাণহানি না হওয়ায় যাত্রীরা বারবার শুকরিয়া আদায় করছেন। কারণ ২০১২ সালের ১২ মার্চ মেঘনা নদীতে একই রকম কার্গোর আঘাতে ‘এমভি শরীয়তপুর-১’ লঞ্চ ডুবে ১৪৭ জন যাত্রী প্রাণ হারায়। ওই ঘটনার পর রাতে বাল্কহেডসহ সব ধরনের কার্গো চলাচল নিষিদ্ধ করা হয়। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখনো রাতের বেলা কার্গোগুলো চলছে। ফলে যেকোনো সময় একই ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েই গেছে।
শরীয়তপুরের নড়িয়া থেকে লঞ্চটি ছেড়েছিল রাত নয়টায়। নির্বাচনী দায়িত্ব শেষ করে প্রথম আলোর এই প্রতিবেদক ও ফটোসাংবাদিকও এই লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। অন্ধকার আর কুয়াশা কেটে বেশ ধীরগতিতেই সেটি এগিয়ে চলছিল। শীতের শান্ত নদীতে যাত্রীরাও ছিলেন স্বাভাবিক। কিন্তু গভীর রাতে এসে উড়ে যায় সব স্বস্তি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে এমভি রেডসানের মাস্টার মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রচণ্ড কুয়াশা ছিল। সার্চলাইট, হর্ন আর মাইক ব্যবহার করে আমরা স্বাভাবিকভাবেই চলছিলাম। রাত একটার দিকে দেখি সামনে একটা বাল্কহেডের মতো। এগুলোর কোনো লাইট থাকে না। দূর থেকে বোঝা যায় না। কাছাকাছি আসার পর আমি যখন দেখলাম, বারবার হর্ন দিতে থাকি। মাইকে বারবার সরেও যেতে বলি। কিন্তু তারা ইঞ্জিন বন্ধ না করে এগোতে থাকে। একপর্যায়ে সেটি এসে লঞ্চের ভেতরে ঢুকে যায়। তবে সতর্ক থাকার কারণে আমরা দ্রুত লঞ্চটি বাঁকিয়ে বের করে আনতে সক্ষম হই। তারপরও আমার লঞ্চের পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে।’
বাল্কহেডের ধাক্কার পর পর লঞ্চের দোতলার ডেকে গিয়ে দেখা যায় যাত্রীরা কেউ কাঁদছেন, কেউ আত্মীয়স্বজনকে ফোন করছেন। বাল্কহেডের ধাক্কায় ঘটনায় যাত্রী সেলিনা আক্তার (১৫) কোমরে গুরুতর আঘাত পেয়েছে। তার বোন আমেনা আক্তারের (৮) পা ভেঙেছে। এই দুই শিশুর মা মাকছুদা বেগমের কাছে ঘটনা জানতে চাইলে তিনি ভয়ার্ত চোখে বারবার বলেন, ‘আল্লাহ বাঁচাইছে। আমার মেয়ে দুইটারে আল্লাহ বাঁচাইছে।’ ওই ঘটনায় আহত হয়েছেন মাকছুদার ভাই জাহাঙ্গীর সরদারও (৪৫)। কুদ্দুস নামে আরেক যাত্রীর মুখ দিয়েও রক্ত বের হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ আল আমিন নামের এক যাত্রী বলেন, ‘বাল্কহেডটা সোজা লঞ্চের পেটের ভেতর ঢুকে গেল। আরেকটু হলে ছোট কয়েকটি বাচ্চাকে পিষে ফেলত। আমি তৎক্ষণাৎ তাদের সরিয়ে নিই। যেভাবে আঘাত করেছিল তাতে ছোট লঞ্চ হলে ডুবে যেত। আর যদি লঞ্চের মাঝখানে আঘাত করত, তাহলে হয়তো অমরা সবাই ডুবে মরতাম।’
নড়িয়া থেকে আসা মোহাম্মদ কুদ্দুসসহ অন্তত ২৫ জন যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বছর তিনেক আগে এভাবে কার্গোর আঘাতে গজারিয়ায় লঞ্চ ডুবে শরীয়তপুরের দেড় শ লোক মারা যায়। আজ একইভাবে শরীয়তপুরের আরও এক শ লোক মারা যেতে পারত। যে কার্গোগুলোর কারণে এভাবে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। এর জন্য দায়ীদের কঠিন শাস্তি দেওয়া দরকার।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাল্কহেডের মাস্টার মো. মহিউদ্দিন (লঞ্চের চালকের নামও মহিউদ্দিন) প্রথম আলোকে জানান, গাবতলী থেকে ভোলার মনপুরায় যাচ্ছিলেন বালু আনতে। প্রচণ্ড কুয়াশা আর অন্ধকারের কারণে লঞ্চটা দেখতে পাননি। শেষ মুহূর্তে দেখে ইঞ্জিন নিউট্রাল (নিষ্ক্রিয়) করার চেষ্টা করেন। রাতে নিষিদ্ধ হওয়ার পরও কার্গো চালাচ্ছেন কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘রাতে না চালালে ট্রিপ বেশি মারা যায় না। আর ট্রিপ না মারতে পারলে আমরা চলতে পারব না। কারণ একটা ট্রিপ মারলে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যায়।’
বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির উপদেষ্টা লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাতের বেলা যাত্রীবাহী লঞ্চগুলোর জন্য একটা বড় ঝুঁকি এসব কার্গো। রাতে নিষিদ্ধ থাকলেও এগুলো চলছে। ফলে ঝুঁকি নিয়ে লঞ্চ চলতে হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেন এগুলো না চলতে পারে সে ব্যাপারে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’
জানতে চাইলে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলী প্রথম আলোকে বলেন, ‘রাতের বেলা এসব কার্গোর চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তারপরও অনেকে আইন না মেনে চলে। আমরা এসব বন্ধে মাঝে মাঝেই রাতে অভিযান চালাই। কাউকে পেলে জরিমানা করি।’