মৃত্যুর কাছে ওঁদের স্বপ্নের পরাজয়
‘গত শুক্রবার শাহাদাত আমাকে ফোন করে বলেছিল, দুই মাস পরে সে বাড়িতে আসবে। নতুন ঘর আর বিয়ে করে নতুন সংসার পাতবে। সে স্বপ্ন আর পূরণ হলো না, তার আগেই শাহাদাতের মৃত্যু হলো।’এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন চাঁদপুরের কচুয়া উপজেলার নাউপুরা গ্রামের শাহ আলম। বাহরাইনের রাজধানী মানামায় গত শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশিদের দুজনই শাহ আলমের ছেলে। তাঁরা হলেন শাহাদাত ও টিটো মিয়া। ওই অগ্নিকাণ্ডে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দি গ্রামের সাত্তার খানের ছেলে শাহীন খানও (২৮) মারা গেছেন। সহায়-সম্বল বিক্রি আর ধারদেনা করে ২০০৭ সালে বাহরাইন যান শাহাদাত। অভাব দূর না হতেই সাত মাস আগে টিটোকে নিজের কাছে নিয়ে যান তিনি। এতে তাঁদের প্রায় সাত লাখ টাকা ঋণ করতে হয়। পাঁচ ভাইয়ের মধ্যে শাহাদাত ছিলেন সবার বড় এবং টিটো মেজো। আরেক ভাই টিপু মুদি দোকানে বাবাকে সহযোগিতা করেন। ছোট দুই ভাই অষ্টম ও চতুর্থ শ্রেণীতে পড়ে। ১৫ দিন আগে টিপুকে শাহাদাত ফোন করে বলেছিলেন, ‘চলাফেরা ঠিকমতো করিস। কয়েক দিনের মধ্যে তোর পাসপোর্ট করে আমাদের কাছে নিয়ে আসব।’ আর ছোট দুই ভাইকে বলেছিলেন পড়াশোনা ভালোভাবে করতে। টিপু হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, ‘ভাই আমায় বলেছিলেন তাঁর কাছে নেবেন। আমাকে না নিয়ে তিনি কেমন নিষ্ঠুরের মতো চলে গেলেন।’ শাহাদাত ও টিটোর মা আমেনা বেগম ছেলেদের শোকে পাগলপ্রায়। কেউ কোনোভাবে তাঁকে সান্ত্বনা দিতে পারছে না। শাহাদাতের প্রতিবেশী সিরাজ মিয়া, আবুল হোসেন ও খালেক মিয়া জানান, দুই সন্তানকে হারিয়ে শাহ আলম প্রায় নিঃস্ব। সাত লাখ টাকা ঋণ তাঁরা কীভাবে পরিশোধ করবেন? সরকারিভাবে একটু সহায়তা দিলে তাঁরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক শাহীনের মা কামরুনন্নেছা বেগম ও স্ত্রী আয়শা আক্তার। কামরুননেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ধারদেনা ও বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ভাগ্য পরিবর্তনে বাহরাইনে গেছে আমার ছেলে। টাইলস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে তার দিন ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে এ মৃত্যু আমাদের সব শেষ করে দিল।’