মৃত্যুর কাছে হার মানলেন হাবিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবা খাতুন
হাবিবা খাতুন

আট মাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার নওগাঁর হাবিবা খাতুন (১৮)। গতকাল মঙ্গলবার সকালে শহরের হাট-নওগাঁ এলাকায় বাবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত বছরের ২৩ আগস্ট হাট-নওগাঁর হাফিজুর রহমানের মেয়ে হাবিবা খাতুনের সঙ্গে একই মহল্লার শামসুজ্জোহা খানের ছেলে তামভি হাসান ওরফে অভির বিয়ে হয়। ৩০ নভেম্বর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন হাবিবা। মাথায় ও কোমরে গুরুতর জখম অবস্থায় হাবিবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ১৬ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। এরপর থেকে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলে হাবিবার।
হাবিবার বাবা হাফিজুর রহমান বলেন, ‘১৬ দিন পর লাইফ সাপোর্ট খুলে নিলেও মৃত্যুর আগ পর্যন্ত কোনো কথা বলতে পারেনি আমার মেয়ে। শক্ত কোনো খাবার খেতে পারত না। প্রতিদিন নাকে নল দিয়ে খাবার দেওয়া হতো। হাত-পাসহ শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারত না। গত সোমবার রাত থেকে অসুস্থতা বেড়ে যায় হাবিবার। চিকিৎসক মিলন বাদশা রাতে বাড়িতে এসে মেয়েকে দেখে যান। মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাড়িতেই মৃত্যু হয় হাবিবার।’ মেয়ের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে হাবিবার বাবা নওগাঁ সদর থানায় গত বছরের ৩ ডিসেম্বর একটি মামলা করেন। মামলার আসামি হাবিবার স্বামী তামভি হাসান, শ্বশুর শামসুজ্জোহা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। মামলার অপর আসামি হাবিবার শাশুড়ি সৈয়দা তাহমিনাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনার পর থেকেই হাবিবার স্বামী ও তাঁর পরিবারের লোকজন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁদের দাবি, হাবিবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এর জন্য তিনি বেঁচে গেলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনাম মোল্লা জানান, ময়নাতদন্ত শেষে হাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।