মৃত্যুর কারণ অবকাঠামোগত ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া ভবনের সাত তলায় স্টিলের কাঠামো তৈরি এবং বিকল্প দরজা বন্ধ করে রাখার কারণেই শ্রমিকেরা নিরাপদ স্থানে পৌঁছাতে পারেননি। কাচের দরজা এবং সব জানালা বন্ধ থাকায় আটকে পড়া ধোঁয়াতে নিহত হন ২১ শ্রমিক। গতকাল সোমবার আসাদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গরিব অ্যান্ড গরিব গার্মেন্টসের অগ্নিকাণ্ডের কারণ উল্লেখ করতে গিয়ে নেতারা এ দাবি করেন। গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অগ্নিকাণ্ডের অন্য কারণগুলো হচ্ছে বিকল্প বিদ্যুৎব্যবস্থা ও সিঁড়ি বন্ধ থাকা এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারে প্রশিক্ষণ না থাকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌস বেগম। তিনি নিহত ২১ শ্রমিকের প্রত্যেককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান নেতারা। শ্রমিকনেতারা আন্তর্জাতিক শ্রম সংস্থার ৮৭ ও ৯৮ কনভেনশন অনুযায়ী প্রত্যেক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দরকষাকষির অধিকার নিশ্চিত করারও দাবি তোলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের সমন্বয়কারী শহীদুল্লাহ বাদল, কেন্দ্রীয় নেতা লিমা ফেরদৌস, জাহানারা বেগম, শফিকুল ইসলাম প্রমুখ।