মৃত্যুর কারণ জানে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁটাবন মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বিবিএর শিক্ষার্থী প্রিয়াঙ্কা দত্তের (২২) মৃত্যুর কারণ বের করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী তারা পায়নি। পাশেই কাঁটাবন মসজিদের ফটকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় সেখানেও কিছু ধরা পড়েনি। তবে শেষ চেষ্টা হিসেবে প্রযুক্তির সাহায্য নিয়ে প্রিয়াঙ্কার মুঠোফোনটির অবস্থান নিশ্চিত হওয়া যায় কি না, তা দেখা হচ্ছে।
২১ মে ভোরে কাঁটাবন মোড় থেকে প্রিয়াঙ্কাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই রাস্তা দিয়ে যাওয়া এক চিকিৎসক ও রিকশাচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেলে স্বজনেরা হাসপাতালে এসে তাঁর লাশ শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছিল, বাসের ধাক্কায় প্রিয়াঙ্কার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
প্রিয়াঙ্কা রাজধানীর ধানমন্ডির ভূঁইয়া একাডেমির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের কলসেন্টারে খণ্ডকালীন কাজ করতেন। ওই দিন তিনি কলসেন্টারে যাওয়ার জন্যই বাসা থেকে বেরিয়েছিলেন। তার সঙ্গে মুঠোফোন ও একটি ব্যাগ ছিল, যা তাঁর মৃত্যুর পর পাওয়া যায়নি। তাই ছিনতাইকারীর হামলায় তাঁর মৃত্যু হয়েছে কি না, সে বিষয়টি সামনে আসে।
প্রিয়াঙ্কার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছেন শাহবাগ থানার উপপরিদর্শক শফিয়ার রহমান। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, উদ্ধারকারী ওই চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছ। কিন্তু তিনি প্রিয়াঙ্কা কীভাবে মারা গেছেন, তা দেখেননি বলে জানিয়েছেন। এ ছাড়া উদ্ধারের সময়ের ওই রিকশাচালককেও আর খুঁজে পাওয়া যায়নি।
শফিয়ার বলেন, ঘটনাস্থলের কাছেই কাঁটাবন মসজিদের গেইটে একটি সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু হার্ডডিস্ক নষ্ট হওয়ার কারণে গত ২৪ মার্চের পর থেকে ক্যামেরাটিতে ধারণ হওয়া কোনো দৃশ্যের সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটর সিসি ক্যামেরায়ও কিছু পাওয়া যায়নি।
শফিয়ার বলেন, গোয়েন্দা পুলিশের সহায়তা নিয়ে প্রিয়াঙ্কার মুঠোফোনের আইএমই নম্বর সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে এখন দেখা হবে ওই মুঠোফোনটি তাঁর মৃত্যুর পর ব্যবহার করা হয়েছিল কি না।
প্রিয়াঙ্কার বাসা পুরান ঢাকার শাঁখারীবাজারে। বাবা স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েটা কীভাবে মারা গেল, তা-ই জানতে পারলাম না। কেউ অপরাধ করে থাকলে সে তো শাস্তি পাবে। কিন্তু পুলিশ কিছুই বের করতে পারল না।’