মৃত্যুর কারণ নির্ণয়ে শিশুর লাশের পুনঃ ময়নাতদন্ত
অভিভাবকত্ব ও মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য শিশু তানিয়া আক্তারের (১০) মৃতদেহ কবর থেকে তোলা হয়। গত বৃহস্পতিবার তার পুনঃ ময়নাতদন্ত হয়েছে। এখন অভিভাবকত্ব নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তানিয়ার বাবা দাবিদার জাকির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম এ ব্যাপারে নির্দেশ দেন। পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহে মাইনুল আমিন এলিদের উপস্থিতিতে পুলিশ শিশু তানিয়ার লাশ আজিমপুর কবরস্থান থেকে তোলে। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে জোবাইদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল শিশু তানিয়ার লাশের ময়নাতদন্ত করেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে স্থাপিত ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরে তানিয়ার লাশ আবার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ধানমন্ডি থানা সূত্র জানায়, ৮ এপ্রিল ধানমন্ডি ৬ নম্বরের ২২ নম্বর গণপূর্ত ইমারত (২) বাসভবনের ২/৮ নম্বর বাড়ির সামনে শিশু তানিয়ার রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের দাবি, তানিয়া ওই ভবন থেকে পড়ে মারা গেছে। ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরদার আবুল কালামের বাসায় কাজ করত। ৯ এপ্রিল বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর দেখে ইব্রাহিমপুরের বাসিন্দা জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে তানিয়াকে তাঁর মেয়ে বলে শনাক্ত করেন। কিন্তু রানী বেগম নামে এক নারী তানিয়াকে তাঁর নিজের সন্তান দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ধানমন্ডি থানা পুলিশ রানী বেগমের পক্ষ নিয়ে লাশটি তাঁর কাছে হস্তান্তর করে। পরে রানী তানিয়ার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করেন।গত সোমবার জাকির হোসেন তানিয়াকে তাঁর মেয়ে দাবি করে প্রকৃত পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। তানিয়ার চাচা দাবিদার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গত বছরের নভেম্বরে মায়ের সঙ্গে তানিয়া তাঁদের ইব্রাহিমপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। মর্গে লাশ শনাক্তের পর তাঁরা লাশ নিতে এবং ধানমন্ডি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তানিয়ার বাবাকে আটকে রাখে।