মৃত্যুর কারণ নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন: মেডিকেল বোর্ডপ্রধান
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশের আরও অধিক তদন্ত করতে হবে। তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা এই মন্তব্য করেছেন।
তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আজ রোববার সিআইডির কাছে জমা দেওয়ার পর দুপুরের দিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন কামদা প্রসাদ সাহা।
তনুর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, যেহেতু দাফনের ১০ দিন পর কবর থেকে পচা-গলা লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়েছে, সেহেতু পারিপার্শ্বিক নানা অবস্থা বিবেচনায় নিয়ে পুলিশের আরও অধিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হতে হবে।
কামদা প্রসাদ সাহা বলেন, মৃত্যুর আগে তনুর ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’ হয়েছে।
এই কথার অর্থ তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে কামদা প্রসাদ সাহা বলেন, ‘আপনারাই বুঝে নেন।’
আজ বেলা পৌনে ১১টার দিকে সিআইডির কুমিল্লার কার্যালয়ে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী ফারুক হোসেন প্রতিবেদনটি জমা দেন। প্রতিবেদন গ্রহণ করেন সিআইডির কুমিল্লার সহকারী উপপরিদর্শক মোশারফ হোসেন।
সূত্র জানায়, প্রতিবেদন জমার সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম কার্যালয়ে ছিলেন না। তিনি দাপ্তরিক কাজে বাইরে আছেন।
প্রায় আড়াই মাস আগে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত করে।
ওই সময় তনুর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করায় সিআইডি। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ওই ডিএনএ প্রতিবেদন দেওয়া হচ্ছে না-এমন অজুহাতে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিতে এত দিন কালক্ষেপণ করে মেডিকেল বোর্ড।
পরে আদালতের নির্দেশে গত মঙ্গলবার মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেয় সিআইডি। এরপর আজ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিল মেডিকেল বোর্ড।
তনু খুন হন গত ২০ মার্চ। ওই দিন রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরদিন লাশের প্রথম ময়নাতদন্ত হয়। তাতে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তথ্য গোপন করার অভিযোগ ওঠে। তনুর মা-বাবাও ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।
আরও পড়ুন...