মৃত্যুর কারণ বার্ড ফ্লু নাকি বিষক্রিয়া, কেউ জানে না
পটুয়াখালী জেলা সদরে কাকের মৃত্যুর কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর এখন বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গলাচিপা উপজেলায়। গত এক মাসে জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে কাক মারা যাচ্ছে। অথচ এখনো পর্যন্ত কাকের মৃত্যুর কারণ শনাক্ত করার উদ্যোগ নেয়নি উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। গলাচিপা পৌর শহরের আবাসিক এলাকা, বিভিন্ন অলিগলি ও ডোবায় পড়ে থাকা মৃত কাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো পরিষ্কার করার দায়িত্বও নিচ্ছে না কেউ। মৃত কাকের নমুনা পরীক্ষা না করেই স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ দাবি করছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নয়, খাদ্যে বিষক্রিয়ার কারণেই কাকগুলো মারা যাচ্ছে।সম্প্রতি পটুয়াখালী জেলা সদরে কাকের মড়ক দেখা দিলে সেখান থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর আইইডিসিআরের পরিচালক মাহামুদুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি এক চিঠিতে জানান, মৃত কাকে ইনফ্লুয়েঞ্জা-এ (এইচ-৫ এন-১) বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া গেছে। এ ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হলে শ্বাসকষ্টজনিত মারাত্মক রোগ হতে পারে।জানা গেছে, আইইডিসিআরের সতর্কীকরণের পর জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) প্রতিরোধ সমন্বয় কমিটি সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয়। কিন্তু গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি বলে অভিযোগ রয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, গলাচিপার বিভিন্ন এলাকায় কাক মারা যাচ্ছে। তবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নয়, কাকগুলো হয়তো খাদ্যে বিষক্রিয়ায় মারা যাচ্ছে। আমরা গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় পড়ে থাকা মরা কাকগুলো মাটিতে পুঁতে ফেলার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’তবে গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা বলেন, ‘আমরা এখনো পর্যন্ত প্রাণিসম্পদ বিভাগ বা অন্য কারও কাছ থেকে কাকের মৃতদেহ পরিষ্কার করা বা এ সম্পর্কে সতর্কীকরণ-সংক্রান্ত কোনো চিঠি পাইনি।’গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, গলাচিপায় যে হারে কাকের মৃত্যু হচ্ছে, তা উদ্বেগজনক। কাকগুলো যদি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যায়, সে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা না হলে এ রোগ মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। এখনই এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।