মৃত্যুর কোলে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালের নিচে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে মানুষের বসবাস। সোমবার তোলা ছবি l প্রথম আলো
বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালের নিচে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে মানুষের বসবাস। সোমবার তোলা ছবি l প্রথম আলো

বাচ্চু মিয়া এখন আর রিকশা চালাতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। থাকেন বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালের নিচে বেড়ার ঘরটিতে। সঙ্গে দ্বিতীয় স্ত্রী। অথচ ২০১১ সালের ১ জুলাই এই দেয়াল কেড়ে নিয়েছিল তাঁর প্রথম স্ত্রী ও চার সন্তানকে। চার বছর পরও ঝুঁকি নিয়ে একই স্থানে বসবাস করছেন তিনি।
শুধু বাচ্চু মিয়া নন, সেদিনের প্রতিরোধ দেয়ালসহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত অন্তত ২০টি পরিবার এখনো ওই দেয়াল ও বাটালি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে। ওই ঘটনায় পাঁচ পরিবারের ১৭ জন মারা যান।
বাটালি পাহাড়ের মালিকানা রেলওয়ের। পাহাড়কে ধস থেকে রক্ষা করার জন্য সিটি করপোরেশন ওই প্রতিরোধ দেয়াল নির্মাণ করেছিল ২০০৮ সালে। প্রতিবছর বর্ষার সময় অতিবৃষ্টি হলে প্রশাসন এখানকার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু রেলওয়ের মালিকানাধীন ওই পাহাড় ও দেয়ালের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ মানুষদের সম্পূর্ণ উচ্ছেদের সিদ্ধান্ত অন্ধকারেই রয়ে গেছে। অথচ দেয়ালধসের পর গঠিত তদন্ত কমিটি স্থায়ীভাবে তাদের উচ্ছেদের সুপারিশ করেছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারী বলেন, ‘আমি নিজেও ওই তদন্ত কমিটির একজন সদস্য ছিলাম। দেয়ালের পাশে আমাদের প্রায় এক একর ভূমিতে লোকজন বসতি গড়ে তুলেছে। উচ্চ আদালতে মামলার কারণে আমরা এটি উচ্ছেদ করতে পারছি না।’
দুর্ঘটনার এক বছর পর বাসিন্দারা প্রশাসনের চোখ এড়িয়ে আস্তে আস্তে দেয়ালের পাশে আবার ঘর তোলার তোড়জোড় শুরু করেন। ২০১৩ সালে দেয়ালটি পুনর্নির্মাণের পর একেবারে পাকাপাকি করে দেয়ালের পাশে বসতি শুরু করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বাচ্চু মিয়াও একই স্থানে নতুন করে ঘর তুলেছেন।
এখন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘এই ঘরে আমার বউ পোলা মারা গেছে। গরিব মানুষ কোথায় যাব? তাই এখানে আছি। প্রশাসন যখন উঠে যেতে বলে, তখন চলে যাই।’
গত সোমবার সরেজমিনে দেখা যায়, মো. সেলিম নামের এক ব্যক্তি দেয়ালের পাশ ঘেঁষে তাঁর ঘরে আরেকটি কক্ষ নির্মাণের কাজ করছেন। বাড়তি ওই কক্ষের চারদিকে বেড়া দেওয়া হয়ে গেছে। ছাদ দেওয়ার কাজ চলছে এখন। ২০১১ সালে তিনিও ওই স্থানে ছিলেন। তখন তাঁর ঘরটি ভেঙে গেলেও কয়েক মাস পর আবার নির্মাণ করেন।
মো. সেলিম বলেন, ‘ভাই, আমি রিকশা চালাই। এখানে প্রায় ১৫ বছর ধরে আছি। এ জন্য কাউকে ভাড়া দিতে হয় না। এত অল্প আয় দিয়ে কোথায় বাসা ভাড়া নিয়ে থাকব?’
সেলিমের ঘরের পাশেই খোরশেদ, হারুন, বাবুল, বাচ্চু, কালু, কাশেমের বউসহ আরও কয়েকজনের ঘর। সব কটিই দেয়ালের পাশ ঘেঁষে।
শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘তাদেরকে একবার সরিয়ে দিই, আবার ওখানে গিয়ে বসতি গড়ে। তারা মরতে চায়। জায়গাটি রেলওয়ের। যতই মামলা থাক, আমরা উচ্ছেদ করব। আমি রেলের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’
যোগাযোগ করলে স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, করপোরেশন জনস্বার্থে দেয়াল ও বাটালি পাহাড়ের ওপর সড়কটি নির্মাণ করে দিয়েছিল। এটি এখন আবার শক্ত করে মেরামত করা হয়েছে। এরপরও যদি ঝুঁকি থাকে, তাহলে প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে।