মৃত্যুর গুজবে রূপগঞ্জে পোশাকশ্রমিকদের হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে বাস খাদে পড়ে ১৫ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় শ্রমিক মারা গেছে গুজবে বিক্ষুব্ধ শ্রমিকেরা উপজেলার বরপা এলাকায় কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে রূপগঞ্জের রপ্তানিমুখী পোশাক কারখানা অন্তিম নিটিং অ্যান্ড গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের চালক ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় নিয়ন্ত্রণ হারালে তা পাশের খাদে পড়ে যায়। এতে ওই পোশাক কারখানার ১৫ শ্রমিক আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।

সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবে অন্তিম নিটিং অ্যান্ড গার্মেন্টসের শ্রমিকেরা রাস্তায় নেমে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এ সময় তাঁরা পার্শ্ববর্তী অলটেক্স মিল নামের পোশাক কারখানায় ভাঙচুর চালান। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকেরা অন্তিম গার্মেন্টসের শ্রমিকদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।