মৃত্যুর চার বছর পর হত্যা মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যুর চার বছর পর মামলা হয়েছে। সালমার মা জোসনা বেগম আদালতে ওই মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে গতকাল শনিবার ওই মামলা রেকর্ড করে থানা-পুলিশ।
সালমার পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের শেষের দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের বিজয়নগর ব্যাপারীবাড়ি এলাকার জাকারিয়ার মেয়ে সালমার সঙ্গে একই উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দা গ্রামের আলেক মিয়ার ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মনির ও তাঁর পরিবারের লোকজন সালমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এ ছাড়া মনির এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে সালমা বাধা দেন। এতে সালমার ওপর নির্যাতন আরও বেড়ে যায়। ২০১১ সালের ২১ জুন মনির ও তাঁর বাড়ির লোকজন সালমাকে পিটিয়ে বাড়িতে ফেলে রাখেন। খবর পেয়ে পরিবারের লোকজন মনিরের বাড়ি থেকে সালমাকে উদ্ধার করে আড়াইহাজারের একটি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সালমার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সালমাকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরবর্তী সময়ে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালমার বাবা-মাকে ভয়ভীতি দেখালে তাঁরা আর থানায় কোনো অভিযোগ করেননি। কিন্তু দীর্ঘদিনেও ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় জোসনা বেগম গত ১৫ জুন নারায়ণগঞ্জ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে মনিরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আড়াইহাজার থানাকে মামলা গ্রহণের নির্দেশনা দেন। গতকাল পুলিশ মামলা রেকর্ড করে।
থানার ওসি মো. আলমগীর জানান, ঘটনার পর মামলা হলে তদন্তের কাজ অনেক সহজ হতো। এখন মামলা হওয়ার পর ঘটনাটি তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।