মৃত্যুর ছয় মাস পর লাশ ঢাকা মেডিকেলে
নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ছয় মাস তিন দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডীর (৩৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আদেশে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশ তোলার সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত উদ্দিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএনও মামুন উল হাসান, নওগাঁর নির্বাহী হাকিম এ কে এম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান ও গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল।
অবিদিয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অবিদিয় মার্ডীর ভাই ফাদার স্যামসন মার্ডী অভিযোগ করেন, ‘আমার ছোট ভাই অবিদিয় মার্ডী গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে আদিবাসীদের জমিসংক্রান্ত বিষয়ে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব বাধে। পরে ওই চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কোনো ময়নাতদন্ত ছাড়াই অবিদিয়র মরদেহ দ্রুত দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। পরে আমরা জানতে পেরেছি যে আমার ভাইকে একটি মহল সুপরিকল্পিতভাবে হত্যা করেছে।’
এলাকাবাসী ও বিভিন্ন আদিবাসী সংগঠন লাশ তুলে ময়নাতদন্তের দাবিতে ২৭ এপ্রিল ধামইরহাট উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
অবিদিয় মার্ডী ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত ৯ ও ১০ জানুয়ারি নওগাঁর ধামইরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ জানুয়ারি বাড়ির পরিস্থিতি দেখে ফেরার পথে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় থানার পুলিশ একটি অপমৃত্যু মামলা করে। পরে স্যামসন মার্ডী ১৩ মার্চ ওই থানায় একটি হত্যা মামলা করেন।