মৃত্যুর জেরে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার চান্দনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক আজ সোমবার দুপুর ১২টা থেকে দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। বিজয়নগরের চর ইসলামপুরে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে হাসান আলী সরদারের (৬৫) মৃত্যুর ঘটনায় সুুন্নিপন্থীরা এ অবরোধ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ছয়টার দিকে বিজয়নগর থানা পুলিশ চর ইসলামপুরে সুন্নিদের বিরুদ্ধে করা মামলায় আসামিদের ধরতে যায়। এ সময় ভয়ে দৌড় দিলে হাসান আলী পানিতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে তাবলিগের একটি দল চর ইসলামপুরে যায়। সন্ধ্যায় সুন্নিপন্থীরা মসজিদের ভেতর ঢুকে তাবলিগের দলের ওপর হামলা চালায়। এতে মাদ্রাসার শিক্ষকসহ ২৫ জন আহত হন।
ওই ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনূসিয়া মাদ্রাসার সাইফুল ইসলাম নামের এক ছাত্র ১৬৬ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেন। আজ পুলিশ আসামি ধরতে যায়।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার চান্দনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল বিজয়নগরের চর ইসলামপুরের লোকজন।