মৃত্যুর তিন বছর পর দানপত্র!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া এলাকার হাকিমুন্নেছা মারা যাওয়ার তিন বছর পর তার ছেলে মোশারেফ হোসেন মায়ের নামের জমি হেবা (দানপত্র) রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, উপজেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া এলাকার মৃত শাহাজউদ্দিন হাওলাদারের স্ত্রী হাকিমুন্নেছা ১৯৮৯ সালের জানুয়ারি মাসে মারা গেছেন। হাকিমুন্নেছার দুই ছেলে ও চার মেয়ে। এর মধ্যে ছেলে মোশারেফ তাঁর মায়ের ৩২ শতাংশ জমি ১৯৯২ সালের হেবা রেজিস্ট্রি দেখিয়ে ভোগ দখল করছেন। দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া এলাকার মাহাবুবুর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৯১ সালে হাকিমুন্নেছার বোন মালেকুন্নেছার কাছ থেকে ২৪ হাজার টাকায় ভান্ডারিয়ার ২০ শতক জমি কিনেছি। বর্তমানে ওই জমি মোশারেফ হোসেন জাল দলিলের মাধ্যমে ভোগদখল করছেন। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দিয়েছি। তাঁরা আমার অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। এ ছাড়া আমি হাকিমুন্নেছা মারা যাওয়ার বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছি। জেলা প্রশাসক সে আবেদনের বিষয়ে তদন্তের জন্য ভান্ডারিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন।’ ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশ পাওয়ার পর আমি বিষয়টি তদন্ত করি। খোঁজ নিয়ে জানতে পারি হাকিমুন্নেছা ১৯৮৯ সালের জানুয়ারি মাসে মারা গেছেন। তাঁর মৃত্যুর সনদ নং ৭৫২/২০০৬।’এ ব্যাপারে গতকাল বুধবার মোশারেফ হোসেন বলেন, ‘আমি জাল দলিল করি নাই। এর বাইরে আমি কিছু বলতে চাই না।’