মৃত্যুর তিন মাস পর দুবাই থেকে এল মিজানের লাশ
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে মা-বাবা, সন্তানসম্ভবা স্ত্রীকে দেশে রেখে দুবাই পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের মোসলেম ব্যাপারির ছেলে মিজানুর রহমান (৩০)। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় সেখান থেকে লাশ হয়ে দেশে ফিরতে হলো তাঁকে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানের মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা। গত ২ জুন দুবাইতে গ্যাস সিলিন্ডার ফেটে আরও পাঁচ সহকর্মীর সঙ্গে মারা যান মিজান। তাঁর মরদেহটি পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হয় তাঁকে।
চার ভাই ও দুই বোনের মধ্যে মিজান ছিলেন সেজো। বাবা কৃষিকাজ করেন। মা পেয়ারা বেগম গৃহিণী। সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে গিয়ে ধারকর্জ করে দুবাই গিয়েছিলেন মিজান। আজ ওই পরিবারের ঘাড়ে দুই লাখ টাকার দেনা।
মিজানের স্ত্রী রোখসানা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, মিজান দুবাই যাওয়ার পর পরই মেয়ে মার্জিয়ার জন্ম হয়। মার্জিয়ার বয়স এখন সোয়া এক বছর। মার্জিয়া কখনো তার বাবাকে দেখতে পারবে না। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে অনবরত কেঁদে চলেছেন মা পেয়ারা বেগম।
ফরিদপুর কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিজানের বাবা মরদেহটি গ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে মরদেহ নেওয়া ও দাফন করা বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। পরে বাংলাদেশ সরকার আরও তিন লাখ টাকা দেবে।