মৃত্যুর তিন মাস পর হত্যা মামলা দায়ের
জয়পুরহাটের আক্কেলপুরে এক নারীর মৃত্যুর তিন মাস পর তাঁকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বাদী হয়ে গতকাল রোববার আক্কেলপুর থানায় মামলাটি করেন।
নিহত নারীর নাম ঝুমুর খাতুন (২৭)। তিনি দুপচাঁচিয়া উপজেলার হেরেঞ্জ গ্রামের আবদুল মোমিনের স্ত্রী এবং আক্কেলপুর উপজেলার দিওল গ্রামের রেজাউল করিমের মেয়ে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১০ অক্টোবর সকালে ঝুমুর খাতুন তাঁর বাবার বাড়িতে অসুস্থ হন। ওই দিন সকালে তাঁকে অজ্ঞান অবস্থায় আত্মীয়স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঝুমুর খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এস এম এ মাহবুব দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে জানান। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়।
এসআই জাহিদ হোসেন ময়নাতদন্তের জন্য ঝুমুর খাতুনের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ অক্টোবর দুপুর ১২টার আগে ঝুমুর খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এসআই জাহিদ হোসেন গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, সুরতহালের সময় লাশের গলায় কালচে রঙের দাগ দেখা যায়। কয়েক দিন আগে তিনি ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পান। আক্কেলপুর থানা এলাকায় ঘটনাস্থল হওয়ার কারণে তিনি আক্কেলপুর থানায় এজাহারটি করেছেন।
আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এসআই জাহিদ হোসেনের দেওয়া এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার এসআই আনিছুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করবেন।