মৃত্যুর দুই দশক পর দায় থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

একটি প্রকল্প ও তিনটি হাটের ইজারা নিয়ে সাড়ে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮২ সালে রাজশাহীর চারঘাট থানায় একটি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে দুদক)। এই মামলায় ১৯৮৭ বিচারিক আদালতের রায়ে আবদুস সোবহানের পাঁচ বছরের কারাদণ্ড ও ৪২ হাজার টাকা জরিমানা হয়। সোবহান রাজশাহীর একটি উপজেলার ১ নম্বর বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দণ্ড ও জরিমানার বিরুদ্ধে ১৯৮৮ সালে হাইকোর্টে আপিল করেন তিনি। এই আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে ২০০১ সালের ১৩ জুন মারা যান সোবহান। এ হিসাবে মৃত্যুর দুই দশক পর জরিমানার দায় থেকে অব্যাহতি পেলেন তিনি।

নথিপত্র থেকে জানা যায়, ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর বিচারিক আদালতে ৩৪২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন সোবহান। তখন তাঁর বয়স ছিল ৫৭ বছর। এ হিসাবে তাঁর জন্ম ১৯৩০ সালে এবং মারা যাওয়ার সময় বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৮২ সালের ৯ জুন চারঘাট থানায় করা ওই মামলায় ওই বছরের ১০ নভেম্বর সোবহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় ১৯৮৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালত রায় দেন। রায়ে সোবহানকে ৫ বছরের কারাদণ্ড ও ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে ১৯৮৮ সালে হাইকোর্টে আপিল (আপিল নম্বর-১৮৬/১৯৮৮) করেন তিনি। এই আপিল শুনানির জন্য ওই বছরই গ্রহণ করেন হাইকোর্ট। পরে জামিন পান সোবহান। তবে আপিলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষ করা হয়নি। এই আপিল বিচারাধীন থাকাবস্থায় ২০০১ সালের ১৩ জুন মারা যান তিনি। সোবহানের করা আপিলে গত বছরের ১ ডিসেম্বর পক্ষভুক্ত হয় দুদক।

আপিলের ওপর শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

পরে আইনজীবী শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে সোবহান হাইকোর্টে আপিল করেন। তবে দুদককে পক্ষ করা হয়নি। আপিল শুনানির জন্য ১৯৮৮ সালে গ্রহণের পর আপিলকারী জামিনে মুক্ত হন এবং ২০০১ সালের ১৩ জুন মারা যান। আইনের বিধান অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় আপিলকারী মারা গেলে তাঁর দণ্ড ও সাজা অ্যাবেট (বাতিল) হয়ে যাবে। কিন্তু জরিমানা থেকে যাবে। জরিমানার বিষয়ে শুনানি হয়েছে। হাইকোর্ট আপিল মঞ্জুর করেছেন। এর মধ্য দিয়ে ৩৪ বছরের পুরোনো আপিলের নিষ্পত্তি হলো। আর সোবহান জরিমানার দায় থেকে অব্যাহতি পেলেন।