মৃত্যুর দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মৃত্যুর প্রায় দুই মাস পর ময়ফুল বেগম (৪৭) নামের এক গৃহবধূর লাশ গত বৃহস্পতিবার কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়ফুল উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের নজই মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়ফুল গত ৪ জুন মারা যান। এ ব্যাপারে তাঁর ভাই রহমান আলী বাদী হয়ে ময়ফুলের স্বামী নজই, দেবর সুনাবলুসহ আটজনকে আসামি করে ১৬ জুন বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালত এজাহারটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বড়লেখা থানার ওসিকে নির্দেশ দেন। এরপর গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলা হাকিমের উপস্থিতিতে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, যৌতুকের দাবিতে নজই ও তাঁর পরিবারের সদস্যরা ময়ফুলের ওপর শারীরিক নির্যাতন চালাত। একপর্যায়ে ৪ জুন ময়ফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ময়ফুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে তাঁর লাশ দাফনও করা হয়।
বড়লেখা থানার এসআই জিয়া উদ্দিন গত শুক্রবার সকালে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নজইসহ অভিযুক্ত অন্য ব্যক্তিরা পলাতক রয়েছে।