মৃত্যুর পর নষ্টা অপবাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেড়িডা বাইচ্চা থাকতে স্বামীর সংসারের সুখ পাইছে না। নৃশংসভাবে খুন কইরা লাশ গুম করা হয়। অহন ছেড়িডারে মাইনষে নষ্টা কইতাছে। আমি আমার ছেড়ির খুনের বিচার চাই।’ কথাগুলো বলে ডুকরে কাঁদলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাওয়ারগাতী গ্রামের বিধবা জোসনা আক্তার।
জোসনার বিবরণ অনুযায়ী, মেয়ে রুমা আক্তার (৩০) আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর শিশুসন্তান আশিককে (৭) নিয়ে তাঁর কাছে (বাবার বাড়িতে) থাকতেন। পরে পাশের মেরেঙ্গা গ্রামের সোহেলের সঙ্গে রুমার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। রুমা স্বামীর সংসারে যেতে উদ্গ্রীব ছিলেন। কিন্তু সোহেল কখনো রুমাকে নিজ বাড়িতে নেননি। কারণ, এ বিয়ের স্বীকৃতি দেয়নি সোহেলের পরিবার। বাড়িতে সোহেলের স্ত্রী-সন্তান রয়েছে বলে জানা গেছে। গত শনিবার তাঁর বাড়িতে সোহেল এসে নিজের মামা অসুস্থ বলে জানান। মামাকে দেখার কথা বলে রুমাকে সোহেল পাশের মাইজহাটি গ্রামে নিয়ে যান। রাতে রুমা না ফিরলে সোহেলকে ফোন করেন। সোহেল বলেন, রুমাকে বাড়িতে (রুমার বাবার বাড়ি) রেখে এসেছেন। রুমা বাড়িতে আসেনি জানালে সোহেল বলেন, ‘আমি জানি না। আপনি যা পারেন করেন।’ জোসনা আক্তার গত রোববার থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে লিখিতভাবে জানান।
জোসনা আরও জানান, সোমবার বিকেলে তিনি শুনতে পান, নবীয়াবাদ গ্রামের একটি ডোবায় এক নারীর লাশ পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে রুমার লাশ শনাক্ত করেন। তিনি সোমবার রাতেই সোহেলসহ কয়েকজনকে আসামি করে থানায় এ কটি হত্যা মামলা করেন। তাঁর অভিযোগ, মেয়েকে সোহেলই খুন করেছেন।
কাওয়ারগাতী গ্রামের একাধিক সূত্র জানায়, সোহেল তাঁর ‘স্ত্রী’ রুমাকে দিয়ে অবৈধ কাজ করাতেন। এমনকি রুমার বিদেশ যাওয়ার জন্য জমা করা দেড় লাখ টাকাও সোহেল আত্মসাৎ করেছেন। খারাপ কাজ করতে অস্বীকার ও টাকা আত্মসাতের বিষয় নিয়ে দুজনের মধ্যে কিছুদিন ধরে ঝগড়া চলছিল।
এ বিষয়ে কথা বলতে সোহেলের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সোহেলের মা জাহেরা খাতুন বলেন, তাঁর ছেলে রুমা নামে কাউকে বিয়ে করেনি। রুমা এলাকায় নষ্টা মেয়ে হিসেবে পরিচিত। তবে মশুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার হোসেন ভূঁইয়া জানান, তিনি এলাকাবাসীর কাছ থেকে রুমা ও সোহেলের বিয়ের বিষয়টি শুনেছেন।