মৃত্যুর পর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের বোঝা সইতে পারছিলেন না রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের হাউলিকেউটিল গ্রামের হাসিনা বেগম (৫০)। তাই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর পর সত্যিই তাঁর ঋণের বোঝা নেমে গেল।
গতকাল বুধবার পর্যন্ত তিনটি বেসরকারি সংস্থা তাদের কাছ থেকে নেওয়া হাসিনার সব ঋণ মওকুফ করে দিয়েছে।
গতকাল বেসরকারি সংস্থা আশা-১-এর গোয়ালন্দ কার্যালয়ে হাসিনা বেগমের স্বামী ছোহরাব হোসেনের হাতে স্ত্রীর সঞ্চয় তহবিলকে দ্বিগুণ করে লাভসহ মোট ১৩ হাজার ৪৫৪ টাকা তুলে দেওয়া হয়।
একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে অবশিষ্ট পাওনা ৪০ হাজার ৫৭৫ টাকাও মওকুফ করার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আশা গোয়ালন্দের আঞ্চলিক ব্যবস্থাপক খলিলুর রহমান, আশা-১ শাখার ব্যবস্থাপক বি এম লুৎফর রহমান।
এর আগে সোমবার দুপুরে হাসিনা বেগমের জানাজার আগে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্থানীয় ব্যবস্থাপক অঞ্জন মিত্র ঋণের সাড়ে ১১ হাজার টাকা মওকুফ করেন।
স্থানীয় লোকজন বলেন, হাউলিকেউটিল গ্রামে জামাতা মোকছেদ শেখের বাড়িতে গত সোমবার ভোরে ঘরের পেছনে গাছে হাসিনার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
অভাবের কারণে হাসিনার একমাত্র ছেলে এলাকার অনেকের কাছ থেকে টাকা ঋণ নিয়ে দুই মাস ধরে নিখোঁজ। ছেলের ঋণ পরিশোধ এবং নিজের সংসার চালাতে হাসিনাও একইভাবে নিজের নামে, মেয়ে, জামাতাসহ বিভিন্ন নামে আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, ব্যুরো বাংলাদেশ, কেকেএসসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন।
এভাবে প্রায় চার লাখ টাকার ঋণ করেন তিনি। ঋণের নিয়মিত কিস্তি ও সুদ পরিশোধ করতে পারছিলেন না তিনি। এ নিয়ে মঙ্গলবার প্রথম আলোয় ‘ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।