মৃত্যুর পরও কয়েদিকে হাতকড়া পরিয়ে রাখার ঘটনায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর পরও এক কয়েদিকে হাতকড়া পরিয়ে রাখার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্টে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২১ মে একটি জাতীয় দৈনিকে ‘মৃত্যুর পরও হাতকড়া...’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত ২০ মে চুন্নু মিয়া নামে এক বন্দীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু এরপরও ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া অবস্থায় পড়েছিল লাশ।