মৃত্যুর পরও বেঁচে থাকা যায়
মৃত ব্যক্তির কর্ণিয়া, কিডনি, হৃদ্যন্ত্র, যকৃৎ ও চামড়া দিয়ে রোগে ভোগা মানুষ নতুন জীবন পেতে পারেন। এভাবেই একজন মৃত মানুষ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে বেঁচে থাকে অন্যের জীবনে। আর এভাবেও যে বেঁচে থাকা যায়, সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।
আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুঞ্জয়’ মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গপ্রত্যঙ্গ দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সুযোগ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করে। সেই সেমিনারেই বক্তারা এভাবে মরণোত্তর দেহদানের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই সেমিনারে যুক্ত হয়েছিল ভারতের গণদর্পণ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। মরণোত্তর অঙ্গপ্রত্যঙ্গ ও দেহদানে মানুষকে উদ্বুদ্ধ করতে গত বছর মৃত্যুঞ্জয়ের প্রতিষ্ঠা। একই উদ্দেশ্য নিয়ে ভারতে ১৯৮৫ সাল থেকে কাজ করছে গণদর্পণ।
গণদর্পণের অন্যতম উদ্যোক্তা ব্রজ রায় সেমিনারে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের ছবি দেখান। ওই যুবকের মস্তিষ্কের মৃত্যু হওয়ার পর ৩৬টি অঙ্গ অন্যের দেহে সংযোজন করা হয় বলে জানান তিনি।
সেমিনারে বাংলাদেশের চিকিৎসকেরা বলেন, সন্ধানী মানুষকে রক্তদানে যেভাবে উৎসাহিত করতে পেরেছে, মরণোত্তর চক্ষুদানে সেভাবে উদ্বুদ্ধ করতে পারছে না। সামাজিক ও ধর্মীয় বাধার কারণে মরণোত্তর দেহ ও অঙ্গপ্রত্যঙ্গ দানের আন্দোলন সেভাবে এগোতে পারছে না। সমাজের মানুষের অনুভূতিকে শ্রদ্ধা জানাতে হবে। সৌদি আরবে বছরে যত কিডনি প্রতিস্থাপন হচ্ছে তার ৩৫ শতাংশই মৃতদেহ থেকে নেওয়া হচ্ছে-এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। চিকিৎসকদের সম্পৃক্ততাও বাড়াতে হবে। এ ছাড়া মৃত্যুর পর কর্ণিয়া, কিডনি, যকৃৎ, হৃদ্যন্ত্র নিলে দেহ বিকৃত হয়ে যাবে না বা মৃতদেহের অসম্মান হবে না—এ বিষয়টি মানুষকে বোঝাতে হবে। চিকিৎসকেরা বলেন, অঙ্গপ্রত্যঙ্গ নেওয়ার পর ভালোভাবে সেলাই করা হয়। চামড়া নেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভীতি থাকে। মৃতদেহের পিঠ ও পায়ের ওপরের অংশ থেকে চামড়া নেওয়া হয়। এতে চেহারার কোনো বিকৃতি হয় না।
বিএসএমএমইউ’র অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা বিভাগের প্রধান খন্দকার মানজারে শামীম বলেন, ‘যাঁরা মরণোত্তর দেহ বা অঙ্গপ্রত্যঙ্গ দানের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁদের মধ্যে চিকিৎসকদের দেখছি না। তাঁরা এগিয়ে আসলে মানুষ উদ্বুদ্ধ হবে।’
ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইপিজিএমইআর) ট্রান্সপ্লান্ট সার্জন রাজেন্দ্র পান্ডে বলেন, কলকাতায় অবৈধভাবে অঙ্গপ্রত্যঙ্গ লেনদেনের হার বেশি বলে মানুষ অনেক সময় চিকিৎসকদের ওপর আস্থা পান না।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জন তানভীর আহমেদ বলেন, বাংলাদেশে আইনগত জটিলতা থাকায় স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা যাচ্ছে না। মায়ের পায়ের ওপরের অংশ থেকে চামড়া নিয়ে শিশুর পুড়ে যাওয়া অংশে প্রতিস্থাপন করে বহু মৃত্যু এড়ানো যায়। মায়েরা দিতে চাইলেও আইনগত জটিলতার কারণে কিছু করা যাচ্ছে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র উপাচার্য কামরুল হাসান খান, স্থপতি মোবাশ্বের হোসেন, রবিউল হোসেন, ডেন্টিস্ট্রি অনুষদের ডিন আলী আজগর মোড়ল, পশ্চিমবঙ্গের আইজিএমইআরের প্লাস্টিক সার্জন সিথি রায়, ভারতের হজ কমিটির সদস্য চিকিৎসক ফুয়াদ হাসান হালিম প্রমুখ।