মৃত্যুর প্রহর গুনছে গাছগুলো
সমুদ্রসৈকত কুয়াকাটাসংলগ্ন গঙ্গামতী সংরক্ষিত বনাঞ্চলের শ্বাসমূলীয় গাছ মরে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গঙ্গামতী সৈকত এলাকায় দুই হাজার একর জমিতে দুই লাখের বেশি গেওয়া, কেওড়া ও ছইলাগাছ রয়েছে। ইতিমধ্যে ১০ হাজার গাছ মরে গেছে। চরম ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ২০ হাজার গাছ। সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানির চাপে ও সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় গোড়া থেকে মাটি সরে গিয়ে শ্বাসমূলীয় গাছগুলোর শিকড় বেরিয়ে এসেছে। আবার অনেক স্থানে বালুতে চাপা পড়েছে গাছের শ্বাসমূল। পরিবেশবিদেরা বলছেন, গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করতে না পেরে ধীরে ধীরে মরে যাচ্ছে। এভাবে গাছ মরে গেলে প্রকৃতিতে ভারসাম্যহীনতা ও জীববৈচিত্র্যেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।গঙ্গামতী গ্রামের বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘আগে গাছের যে তরতাজা ভাবটা আছেলে, এ্যাহন মনে অইতেছে হেইডা মোডেও নাই। গেল এক বছর ধইর্যা মোনে অইতাছে, গাছগুলান আস্তে আস্তে মইর্যা যাইতেছে।’ একই গ্রামের আব্বাস উদ্দিন আকন বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর, আইলা যা অইছে এই গাছই মোগো জীবনডা বাঁচাইছে। সাগরপাড়ের গাছগাছালির এমন দশা আগে কহনো দেহি নাই। হেই গাছ ক্যামনে বাঁচান যাইবে হেইয়ার লাইগ্যা চেষ্টা করা উচিত।’সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গঙ্গামতী সংরক্ষিত বনের মধ্য দিয়ে একটি খাল বয়ে গেছে। খালের পূর্ব ও পশ্চিম পাড়ের শত শত গেওয়া, কেওড়া, ছইলাগাছ জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। অধিকাংশ গাছের গোড়ার মাটি ক্ষয়ে শিকড় বেরিয়ে পড়েছে। আবার কিছু স্থানে গাছগুলোর শ্বাসমূল বালুর নিচে চাপা পড়েছে। গাছের বাকলের রং পরিবর্তন হয়ে কালো-ধূসর বর্ণ ধারণ করেছে। অনেক গাছের কাণ্ড ভেঙে গেছে। আবার কোনো গাছের পাতা মুড়িয়ে হলদেটে রং ধারণ করেছে। স্থলভাগের এসব গাছের গোড়ার মাটি ও বালু জোয়ারের পানির চাপে ধুয়ে যাচ্ছে।কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা ও গঙ্গামতী সংরক্ষিত বনাঞ্চলের অতিরিক্ত দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা খোন্দকার ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, ‘জলবায়ুজনিত পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে। একদিকে এই বনের ভূমিক্ষয়ে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে প্রচণ্ড রোদ-খরায় সৈকতের বালু উত্তপ্ত হয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এই জাতীয় গাছের উৎপাদন বৃদ্ধি মাটির প্রকৃতি ও জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল।’পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) পরিবেশ ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ সৌরভ মাহমুদ প্রথম আলোকে বলেন, কুয়াকাটা-গঙ্গামতীর বন ও পরিবেশ নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে, এখানকার বনের গাছের গোড়ার মাটি সাগরের ঢেউয়ের ঝাপটায় সরে যাচ্ছে। এতে শিকড় জেগে গেছে এবং গাছের শোষণমূল উপরে উঠে গেছে। ফলে গাছগুলো পুষ্টি উপাদান সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। যে কারণে ধীরে ধীরে ওই বনের গাছগুলো মরে যেতে শুরু করেছে। তা ছাড়া সমুদ্রের পানিতে লবণাক্ততার পরিমাণ আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। জোয়ারের ফলে মাত্রাতিরিক্ত লবণ পানির উপরিভাগ প্লাবিত হওয়ার ফলেও গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।