মৃত্যুর প্রহর গুনছে দুই শতাধিক গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো গাছের ডাল আছে, পাতা নেই। কোনোটির ডালও নেই, পাতাও নেই। এভাবেই ডালপালাহীন অবস্থায় এখনো দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছে কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের উভয় পাশের দুই শতাধিক গাছ। এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের শীলবনিয়াপাড়া থেকে উত্তরপাড়া চৌহমুনী পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কজুড়ে লাগানো ছিল অসংখ্য আকাশমণি, কড়ই ও ঝাউগাছ। কয়েক বছরে বেশির ভাগ গাছ ও গাছের ডালপালা চুরি হয়ে গেছে। যেগুলো বেঁচে আছে সেগুলোও কৌশলে হত্যার পর আত্মসাতের চেষ্টা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া থেকে হারিয়াখালী গ্রাম পর্যন্ত ৯০০ মিটার সড়কের উভয় পাশে মাঠের লবণাক্ত পানি চলাচল করার কারণে কমপক্ষে দুই শতাধিক ঝাউগাছ মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আরও ৫০টির বেশি গাছের ডাল কাটা অবস্থায় আছে। এসব গাছ দেখলে অনুমান করা যায়, কয়েক দিন আগেই ডালগুলো কাটা হয়েছে। একশ্রেণীর গাছচোর সিন্ডিকেট করে রাতের আঁধারে সুযোগ বুঝে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান, ১৯৯২ সালে গণস্বাস্থ্য ও উপকূলীয় বন বিভাগ পৃথকভাবে এ সড়কে কয়েক হাজার আকাশমণি, কড়ই ও ঝাউগাছ রোপণ করেছিল। তখন থেকেই গাছগুলো সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ছিল। এসব গাছের বয়স ২০ বছরেরও বেশি। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা গাছগুলোর প্রতি যত্নবান না হওয়ায় তা মারা যাচ্ছে।উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সিরাজ উদ্দিন বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ এ সড়কে কয়েক হাজার আকাশমণি, কড়ই ও ঝাউগাছ রোপণ করা হয়েছিল। এলাকার গাছচোর সিন্ডিকেটের কারণে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না এ গাছগুলো। এ ব্যাপারে টেকনাফ থানায় একাধিক মামলা করা হয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কক্সবাজার কার্যালয় টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, জনবল কম থাকায় গাছগুলোর প্রতি নজর দেওয়া হয়নি। ওই সড়কের গাছগুলো লবণাক্ততার কারণে মারা যাচ্ছে। গাছগুলো লট হিসেবে নিলামের ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, গাছগুলো কাটার সঙ্গে কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।