ঢাকা চিড়িয়াখানার ১৫টি বয়স্ক প্রাণী এখন মৃত্যুর প্রহর গুনছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রাণীর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রাণীর মৃত্যুর বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। সূত্র জানায়, বয়স্ক প্রাণীগুলো নানা শারীরিক সমস্যায় ভুগছে। এর মধ্যে দুটি সিংহ, গন্ডার, নীলগাই, জলহস্তী, দুটি কুমির, দুটি ভালুক, শিম্পাঞ্জি, কেশোয়ারি, একটি হাতিসহ অন্তত ১৫টি প্রাণী বর্তমানে মৃত্যুঝুঁকিতে রয়েছে। এ ছাড়া বাগডাশ ও উটপাখির অবস্থাও শোচনীয়।চিড়িয়াখানায় গত ৫ আগস্ট বয়োবৃদ্ধ চিতা ‘যদু’, ২২ জুলাই হাতি ‘পবনতারা’, মে মাসে একটি সিংহ মারা যায়। ২০০৯ সালে মারা যায় অন্তত ৩০টি প্রাণী। ২০০৮ সালে স্বাভাবিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া ৪২টি প্রাণীর তালিকা তৈরি করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মৃত্যুঝুঁকিতে থাকা পায়োমেট্রা রোগাক্রান্ত এক শিংয়ের গন্ডারের বয়স সাড়ে ১৮ বছর। গন্ডার চিড়িয়াখানায় ৩০ বছর পর্যন্ত বাঁচে। পুরুষ জলহস্তীটির বয়স ২৯ বছরের বেশি। চিড়িয়াখানায় আয়ুষ্কাল ৩০ বছর। নীলগাইয়ের আয়ুষ্কাল ২৫ বছর, তবে বয়স ১৯ হতেই প্রাণীটি মৃত্যুর প্রহর গুনছে। নীলগাইটির পা ফুলে গেছে, ঠিকমতো দাঁড়াতে পারে না। আফ্রিকার চিত্রা হায়েনাটির বয়স ২১ বছর। আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। শান্তি ও ভাস্কর নামের চিড়িয়াখানার সিংহ দুটির দাঁত ক্ষয়ে গেছে। চোখেও ভালো দেখে না। এদের বয়স এখন ১৯, বাঁচে প্রায় ২৫ বছর। বাঘ সম্রাটের বয়স ১৭ বছর। আয়ুষ্কাল ২০ থেকে ২২ বছর হলেও সম্রাট খুবই বুড়িয়ে গেছে। সম্প্রতি হাতি পবনতারা মারা গেছে। দর্শনার্থীদের আনন্দ দিয়ে যাচ্ছে তার সঙ্গী কুসুমতারা। এর বয়স ৬২ বছর। হাতি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচে। অসুস্থ বাগডাশটির বয়স সাড়ে ২২ বছর। আয়ুষ্কাল ২৫ বছর। পুরুষ কালো ভালুকটির বয়স ৩২ ও অন্যটির ৩৪ বছর। ভালুক বাঁচে ৩০ থেকে ৩৫ বছর। শিম্পাঞ্জিটির বয়স ২৭ বছরের বেশি, ২৫-৩০ বছর বাঁচে প্রাণীটি। বর্তমানে এর শারীরিক অবস্থা খুবই খারাপ। চিড়িয়াখানার পুরুষ ও মেয়ে উভয় ভোঁদড়ের বয়সই প্রায় ২০ বছর। এদের স্বাভাবিক আয়ুষ্কাল পূর্ণ হয়েছে। কুমিরটির বয়স প্রায় ৮০ বছর। কুমির ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত বাঁচে। উটপাখিটির বয়স ২৭ বছর। এটিও স্বাভাবিক আয়ুষ্কাল পার করে এসেছে। দুটি কেশোয়ারির বয়সই ২৭ ছাড়িয়েছে, এরা ২৮ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। এরাও অসুস্থ। বেশ কয়েক মাস ধরে গ্রেটার কুদু আর্থ্রাইটিসে ভুগছে।চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক আয়ুষ্কাল পার হওয়া এই প্রাণীগুলোর যেকোনো সময় মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানস্বল্পতার কারণে বয়স্ক প্রাণীগুলোকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অসুস্থ প্রাণীর চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও চিড়িয়াখানার হাসপাতালে নেই। এ কারণেই প্রাণীর মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মৃত্যু ঠেকাতে বিশেষ ব্যবস্থা: হাতির মৃত্যুর পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে চিড়িয়াখানার বয়স্ক প্রাণীগুলোর সুষ্ঠু তদারকির নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে গত ২৭ মে ‘চিড়িয়াখানার পশু-পাখির স্বাস্থ্যসেবা জোরদারকরণ কর্মসূচি’ নামে সাড়ে তিন কোটি টাকার কর্মসূচি নেওয়া হয়। এর আওতায় চিড়িয়াখানার হাসপাতালের জন্য ১৬ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। ওষুধ ও টিকা সংরক্ষণের জন্য একটি জেনারেটর স্থাপন করা হচ্ছে। এ ছাড়া প্রাণীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য স্কুইজবাক্স, ডিজিটাল মাইক্রোস্কোপ, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত পরীক্ষার সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।