একটি ‘ফোন কল’ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল-বোঝাবুঝি। সেই ভুল-বোঝাবুঝি থেকেই আত্মহত্যা করেছেন শামারুখ। কেউ তাঁকে খুন করেনি, কেউ প্ররোচনা দেয়নি। চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যার তদন্ত প্রতিবেদনে এভাবেই মৃত্যুর কারণ উল্লেখ করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন শামারুখের বাবা মো. নুরুল ইসলাম। বিচার চাইতে তিনি হাইকোর্টে যাবেন বলে জানান।
অন্যদিকে শামারুখের স্বামী হুমায়ুন সুলতান বলেছেন, তিনি ও তাঁর পরিবার বিপর্যন্ত। পুলিশ তাঁদের দীর্ঘ সময় জেরা করেছে। এর চেয়ে বেশি কিছু তাঁর বলার নেই।
২০১৪ সালের ১৩ নভেম্বর শামারুখ মাহজাবীনের মৃতদেহ উদ্ধার হয় যশোরের সাবেক সাংসদ খান টিপু সুলতানের ধানমন্ডির ৬ নম্বর বাসা থেকে। ওই বাড়ির বাথরুমের রডে গলায় ফাঁস লাগা অবস্থায় শামারুখকে উদ্ধার করা হয়। শামারুখের বাবা ওই রাতেই কলাবাগান থানায় মামলা দায়ের করেন। চার মাস পর সিআইডির তদন্ত কর্মকর্তা মুন্সী রুহুল কুদ্দুস মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে শামারুখের মৃত্যুর দায় থেকে তাঁর শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি জেসমিন আরা বেগম ও স্বামী হুমায়ুন সুলতানকে অব্যাহতি দেওয়া হয়।
সিআইডির ওই প্রতিবেদনে দ্বিমত পোষণ করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) না-রাজি আবেদন করলে নিম্ন আদালত তা খারিজ করে দেন। বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘এর আগে জয়ন্তী রেজার মৃত্যুর ঘটনায় আজম রেজার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।’
চূড়ান্ত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তা মুন্সী রুহুল কুদ্দুস লিখেছেন, ১৩ নভেম্বর সকাল আটটার দিকে খান টিপু সুলতান তাঁর স্ত্রী জেসমিন আরা বেগম, ছেলে হুমায়ুন সুলতান ও ছেলের বউ শামারুখ একসঙ্গে সকালের নাশতা করেন। নাশতা শেষে খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী বেরিয়ে যান। এরপর সকাল নয়টার দিকে হুমায়ুন সুলতান ও তাঁর স্ত্রী শামারুখ মাহজাবীন বের হন। স্ত্রীকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়ে হাইকোর্টে জ্যেষ্ঠ আইনজীবীর কাছে যাওয়ার কথা ছিল হুমায়ুন সুলতানের। শামারুখ এফসিপিএসে ভর্তির জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করতেন। তাঁর পড়ার সঙ্গী ছিলেন আঁখি। ওই দিন সকাল নয়টা বাজার কিছুক্ষণ পর শামারুখের ফোনে এক ব্যক্তি ফোন করেন। ফোন রাখার পর হুমায়ুন সুলতান জানতে চান কে তাঁকে ফোন করেছে। তিনি শামারুখের ফোন থেকে পাল্টা ফোন করে সত্যতা যাচাই করেন। ওপাশ থেকে পুরুষ কণ্ঠ শুনতে পেলে শামারুখ মাহজাবীন ‘অপ্রস্তুত’ হয়ে পড়েন। বই-খাতা, টিফিন বক্স নিয়ে গাড়ি থেকে নেমে যান। ওই দিন দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মুন্সী রুহুল কুদ্দুস আদালতে প্রমাণ হিসেবে শামারুখ মাহজাবীনের আত্মহত্যার আগে বাবাকে লিখে যাওয়া একটি চিঠির উল্লেখ করেছেন। সেখানে শামারুখ মাহজাবীন লিখেছেন, ‘তুমি অনেক ভালো বাবা। আমিও যাওয়ার আগে জেনে গেলাম যে তোমার কত প্রিয় মেয়ে আমি।... তোমার মেয়েটা অনেক দুর্বল। ছোটখাটো সমস্যাও “ফেস” করতে পারে না।’ তদন্ত কর্মকর্তা আরও বলেছেন, শামারুখ জীবন নিয়ে হতাশায় ভুগছিলেন, মৃত মাকে কিছুতেই ভুলতে পারছিলেন না।
শামারুখের বাবা বলছেন, শামারুখের মৃত্যুর কারণ হিসেবে যে যুক্তি সিআইডি দিয়েছে, তা মেনে নেওয়া যায় না। সহপাঠীর সঙ্গে ফোনে যোগাযোগ করায় স্বামী কেন স্ত্রীকে সন্দেহ করবেন, তিনি এ প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, শামারুখ হতাশায় ভুগছিলেন বলে সিআইডি উল্লেখ করলেও কেন হতাশা ছিল তা খতিয়ে দেখেনি। শ্বশুরবাড়িতে শামারুখ ভালো ছিলেন না। শামারুখের স্বামী হুমায়ুন সুলতান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে আরাম-আয়েশে ছিলেন। আদালতে শামারুখের যে ডায়েরিটি জমা দেওয়া হয়েছে, সেখানকারও ১০টি পৃষ্ঠা কাটা বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সী রুহুল কুদ্দুস বলেন, ‘তদন্তে কোনো ঘাটতি থাকলে সেটা আদালতই দেখত।’
নুরুল ইসলাম তাঁর মেয়ের মৃত্যুর প্রেক্ষাপট প্রথম আলোকে বলেন, ‘ওই দিনটার কথা মনে হলে আমার নিজের মাথায় নিজের বাড়ি দিতে ইচ্ছে করে। আমাকে মেয়ে ফোন করে বলল, সে কিছু কাগজপত্র দেখে ফেলেছে। শ্বশুর খুব খেপে গেছে। আমি যেন তখনই গিয়ে তাকে নিয়ে আসি। ঠিক এক দিন পর বেলা দুইটার দিকে খান টিপু সুলতান মুঠোফোনে জানান, আপনি দ্রুত ঢাকায় আসেন। একটু সমস্যা হয়েছে। বিকেল চারটার সময় আবার ফোন করে আমাকে বলেন, “খারাপ কিছু হয়ে গেলে পরবর্তী করণীয় কী হবে, তা দ্রুত জানান।”’