
বিশ্বে নারীদের ক্যানসারের তালিকায় জরায়ুমুখের ক্যানসারের স্থান চতুর্থ। আর বাংলাদেশে নারী ক্যানসার রোগীদের মধ্যে স্তন ক্যানসারের পরেই দ্বিতীয় অবস্থানে আছে এই ক্যানসার। নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রায় ১৬ শতাংশই ঘটছে এ কারণে। এ মৃত্যুর পেছনে লজ্জা এবং পরিবারের অবহেলা বড় ভূমিকা রাখে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জরায়ুমুখের ক্যানসার সচেতনতাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এ তথ্য জানিয়েছে । বৈঠকের আলোচকেরা বলেন, বাংলাদেশের জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ প্রকাশিত ২০১৪ সালের প্রতিবেদনের তথ্যের সঙ্গেও আন্তর্জাতিক সংস্থার তথ্যের মিল রয়েছে। বাংলাদেশে প্রতি পাঁচজন নারী ক্যানসার রোগীর একজন জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত।
জানুয়ারি মাস জরায়ুমুখের ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন এবং ১৩ জানুয়ারি (মাসের দ্বিতীয় শনিবার) জরায়ুমুখের ক্যানসার দিবসে ‘জননীর জন্য পদযাত্রা’র অংশ হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ ছাড়া মাসব্যাপী বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে সাতটি সংগঠনের মোর্চা মার্চ ফর মাদার এবং রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল। জরায়ুমুখের ক্যানসারের অন্যতম একটি কারণ বাল্যবিবাহ। তাই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বাল্যবিবাহকে জোর না’।
বৈঠকে ক্যানসার বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জননীর জন্য পদযাত্রার প্রধান সমন্বয়কারী এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার বলেন, নারীদের বুঝতে হবে স্তন অথবা জরায়ু লজ্জার কোনো বিষয় নয়। এ দুটি অঙ্গে কোনো সমস্যা দেখা দিলে তা নিয়ে কথা বলতে হবে। পরিবারের পুরুষদেরও নারীদের পাশে দাঁড়াতে হবে। মূল কথা, এ নিয়ে ভাঙতে হবে অচলায়তন। আর জরায়ুমুখের ক্যানসারের বেলায় প্রথম প্রক্রিয়া শুরুর পর প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে ক্যানসারে রূপ নিতে। তাই স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যানসার হওয়ার আগেই এটি নির্ণয় করা সম্ভব। এ ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন।
বৈঠকে জরায়ুমুখের ক্যানসারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী, অধ্যাপক সামিনা চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক ফাতেমা আশরাফ প্রমুখ।