মৃত্যুর মিছিলে অগ্নিদগ্ধ আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের সমর্থকদের দেওয়া আগুনে দগ্ধ ফেনীর অটোরিকশার চালক সাহাবউদ্দিন (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। টানা ছয় দিন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।

সাহাবউদ্দিন ফেনী সদরের গোবিন্দপুর ইউনিয়নের নতুনবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মো. নুরুজ্জামান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ অবস্থায় সাহাবউদ্দিনকে গত শনিবার বিকেলে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাহাবউদ্দিনের ছোট ভাই নুরুল আবছার প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগের দিন শনিবার বেলা ১১টার দিকে সাহাবউদ্দিন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ফেনী সদরের সেন্টার স্কুলের সামনে দুর্বৃত্তরা অটোরিকশাটি থামায়। যাত্রীদের নামার সুযোগ দিলেও সাহাবউদ্দিনকে নামতে দেয়নি তারা। তাঁকে চালকের আসনে বসিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি জানান, সাহাবউদ্দিনের দুই বছরের একটি মেয়ে আছে।

আগুনে সাহাবউদ্দিনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ ফেনীতে নিয়ে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।